
মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা
নওগাঁর মহাদেবপুরে জমি নিয়ে বিরোধের জেরে কীটনাশক ছিটিয়ে ধানগাছ নষ্ট করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এতে প্রায় এক বিঘা জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেন জমির মালিক হোসেন আলী।
গত ১৭ অক্টোবর শনিবার রাতে উপজেলার হাতুড় ইউনিয়নের হরেকৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। জমির ১৬ শতক নিয়ে হোসেন আলীর সাথে একই গ্রামের নুরুল ইসলামের বিরোধ চলছে। এ নিয়ে আদালতে মামলা বিচারাধীন রয়েছে।
হোসেন আলীর স্ত্রী আরিফা খাতুন জানান, প্রায় ২৬ বছর আগে তারা হরেকৃষ্ণপুর মৌজায় ৩৬ শতক জমি কিনে চাষাবাদ করছেন। নুরুল ইসলাম ওই জমির ১৬ শতকের মালিকানা দাবি করে প্রায় দুই বছর ধরে বিভিন্ন সময়ে কীটনাশক প্রয়োগ করে ফসল নষ্ট করছেন। এ পর্যন্ত চারবার সরিষার ক্ষেত, ধানের বীজতলা ও ধান নষ্ট করা হয়েছে বলে অভিযোগ তার।
স্থানীয় গভীর নলকূপের পরিচালক মোকসেদ আলী বলেন, প্রায় ৩০ বছর ধরে তিনি ওই এলাকায় দায়িত্ব পালন করছেন। এ সময় থেকেই হোসেন আলীকে জমিটিতে চাষাবাদ করতে দেখে আসছেন।
হোসেন আলী জানান, গত দুই বছরে ফসল নষ্ট করায় তার প্রায় এক লাখ ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় তিনি আদালতে মামলা করবেন বলে জানিয়েছেন। তবে অভিযোগের বিষয়ে নুরুল ইসলামের বক্তব্য পাওয়া যায়নি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








