দাঁড়িপাল্লায় ভোট দিয়ে বৈষম্যের জবাব দিন : দেলাওয়ার হোসেন

ঠাকুরগাঁও প্রতিনিধি

Advertisement

বিএনপি নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা না করে সব ক্ষেত্রে দলীয়করণ ও সাধারণ নাগরিকদের সাথে বৈষম্য করছে বলে অভিযোগ করেছেন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী দেলাওয়ার হোসেন। আগামী ২৯ অক্টোবর দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জনগণ এই বৈষম্যের জবাব দেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
গত সোমবার বিকেলে রুহিয়া উপজেলার আখানগর ইউনিয়নে আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য দেলাওয়ার হোসেন এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এসে এনজিওর ঋণ মওকুফ, এক কোটি বেকারকে চাকরি ও ফ্যামিলি কার্ড দেয়ার প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন করেনি। এখন উপনির্বাচন ঘিরে তারা ধানের শীষে ভোট না দিলে ফ্যামিলি কার্ড দেয়া হবে না বলে ভয় দেখাচ্ছে।
নিজের বক্তব্যে দেলাওয়ার হোসেন আরো বলেন, বিজয়ী হলে সরকারি বরাদ্দের শতভাগ অর্থ এলাকার অবকাঠামো ও জনগণের উন্নয়নে স্বচ্ছতার সাথে ব্যয় করা হবে। সেখানে কোনো দুর্নীতি বা অনিয়ম থাকবে না। পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের সুরক্ষা নিশ্চিত করার আশ্বাস দিয়ে তিনি জানান, অতীতে সংখ্যালঘুদের ওপর হামলা ও জবরদখলকারীদের আইনের আওতায় আনা হবে।
আসফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. মোবারক হোসেন ও মঞ্জুরুল ইসলাম। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল, এনসিপির জেলা আহ্বায়ক খলিলুর রহমানসহ স্থানীয় জোট নেতারা।