
রাজধানীর কদমতলী থানাধীন জুরাইন এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সুমন মিলন ওরফে মিন্টু (৪০) নামে এক স্যানিটারি মিস্ত্রি নিহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জুরাইনের নবারুণ গলিতে এই ঘটনা ঘটে।
নিহত মিন্টু মাদারীপুর জেলার কালকিনী থানার চরফতে বাহাদুর গ্রামের মৃত আবুল হোসেন মৃধার ছেলে। তিনি বর্তমানে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ মোকামপাড়া মসজিদ সংলগ্ন এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় বসবাস করতেন।
কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) মিঠুন মন্ডল জানান, আমরা ৯৯৯ এ খবর পেয়ে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে ডেড সার্টিফিকেটের জন্য রাত সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসি। পরে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে জানান তিনি বেঁচে নেই। ধারণা করা হচ্ছে, ঘটনাস্থল দিয়ে যাওয়ার সময় কে বা কারা তাকে ছুরিকাঘাত করে মেরে ফেলে যায়। আমরা স্থানীয়দের জিজ্ঞাসা করেও এ ব্যাপারে কোনো কিছু জানতে পারিনি। নিহতের দুই পায়ের রগ কাটা ছিল এবং শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন ছিল।
তিনি জানান, প্রাথমিক তদন্তে মাদককারবারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে আমরা ধারণা করছি। ময়নাতদন্তের জন্য লাশটি ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। কারা এবং কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
নিহতের সুমনের বড় বোন সালমা আক্তার কান্নাজড়িত কণ্ঠে জানান, সন্ধ্যায় পথচারীরা ফোন করে আমাদের জানায় যে আমার ভাইকে কে বা কারা মেরে ফেলে রেখে গেছে। পরে আমরা ঘটনাস্থলে ছুটে গিয়ে দেখি ভাইয়ের এই অবস্থা।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








