
পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের পশ্চিমাঞ্চলে বুরকিনা ফাসো ও মালির সীমান্তবর্তী এলাকায় সশস্ত্র ব্যক্তিদের অতর্কিত হামলায় কমপক্ষে ৩৭ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। শুক্রবার (১৩ নভেম্বর) স্থানীয় সূত্রগুলো এ তথ্য জানিয়েছে।
২০২৩ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে দেশটি সামরিক জান্তার শাসনে রয়েছে। গত এক দশকে আল-কায়েদা ও আইএস-এর সাথে সংশ্লিষ্ট উগ্রবাদী গোষ্ঠীগুলোর সহিংসতায় নাইজারে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন।
সর্বশেষ হামলার ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার ভোরে দেশটির অশান্ত তিলাবেরি অঞ্চলের তেরা শহরে। ওই সময় গ্রামবাসীরা সাপ্তাহিক বাজারে যাওয়ার পথে হামলার শিকার হন বলে জানিয়েছেন দেশটির সাবেক এক নির্বাচিত জনপ্রতিনিধি।
তিনি জানান, স্থানীয় একটি আত্মরক্ষী বাহিনীর সদস্যদের পাহারায় বাজারের উদ্দেশে রওনা হওয়া গ্রামবাসীরা অজ্ঞাতপরিচয় সশস্ত্র ব্যক্তিদের অতর্কিত হামলার মুখে পড়েন।
সাবেক ওই জনপ্রতিনিধি বলেন, ঘটনাস্থলেই ৩৭ জন নিহত হন। আহত আরো একজন পরদিন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
তিনি জানান, নিহতদের মধ্যে স্থানীয় আত্মরক্ষী বাহিনীর ১১ সদস্য, সাত নারী ও ২০ জন পুরুষ রয়েছেন।
তেরা শহরের এক বাসিন্দাও হামলায় নারী ও শিশুসহ ৩৭ জন নিহত হওয়ার তথ্য জানিয়েছেন। এ ঘটনায় আরো বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে নেয়া হয়েছে বলে জানান তিনি।
মালি ও বুরকিনা ফাসোর সীমান্তবর্তী নাইজারের তিলাবেরি অঞ্চলটি বর্তমানে উগ্রবাদী গোষ্ঠীগুলোর হামলার অন্যতম প্রধান কেন্দ্র হয়ে উঠেছে।
সূত্র : বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








