ডিসেম্বরে হবে প্রথম ইউএনও সম্মেলন

নিজস্ব প্রতিবেদক

Advertisement

জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের আদলে আগামী ১ ডিসেম্বর প্রথমবারের মতো উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই সম্মেলনের আয়োজন করা হতে পারে।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, প্রতি বছর জেলা প্রশাসক সম্মেলন আয়োজন করে থাকে মন্ত্রিপরিষদ বিভাগ। জেলা প্রশাসক সম্মেলনের মতো মাঠ প্রশাসনের গুরুত্বপূর্ণ স্তর উপজেলা পর্যায়ে সরকারের নীতি ও অগ্রাধিকারগুলো কার্যকরভাবে বাস্তবায়নে ইউএনওদের অংশগ্রহণে প্রথমবারের মতো উপজেলা নির্বাহী অফিসার সম্মেলন, ২০২৬ আয়োজনের উদ্যোগ নেয়া হয়েছে।
এই সম্মেলন আয়োজনের প্রধান উদ্দেশ্য- উপজেলা নির্বাহী অফিসারদের কর্তৃক সরকারের নীতিনির্ধারণী বিষয়, উন্নয়ন কর্মসূচি ও সরকারের অগ্রাধিকার কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে সরাসরি নির্দেশনা গ্রহণ এবং উপজেলা পর্যায়ে নাগরিক সেবা প্রদান ও উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা। এ লক্ষ্যে ইতোমধ্যে দিনব্যাপী উপজেলা নির্বাহী অফিসার সম্মেলনের খসড়াও প্রস্তুত করা হয়েছে।
জানা গেছে, সম্মেলনে উপজেলার উন্নয়ন কার্যাবলির সমন্বয় ছাড়াও সরকারি কর্মসূচি ও উন্নয়ন কর্মকাণ্ডে গতিসঞ্চার, ভূমি ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো শক্তিশালীকরণ, দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম, গ্রামীণ অবকাঠামো নির্মাণ ও সংস্কার, দারিদ্র্য বিমোচন কর্মসূচি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কৃষি-উন্নয়ন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন, ধর্মীয় সম্প্রীতি রক্ষা ইত্যাদি বিষয়সহ সরকারের অগ্রাধিকার কর্মসূচি বাস্তবায়নের সাথে সংশ্লিষ্ট বিষয়গুলো আলোচিত হবে।
এ ছাড়াও মাঠপর্যায়ের দায়িত্ব পালনকালে ইউএনওদের যেসব প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়, সে বিষয়ে সম্মেলনে স্থানীয় সরকার বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, স্বাস্থ্যসেবা বিভাগ, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব অথবা সচিবরা সরাসরি দিকনির্দেশনা দেবেন বলে জানা গেছে।
এর আগে গত ৩ অক্টোবর রাজধানীর শেরেবাংলানগরে সমবায় ভবনের মাল্টিপারপাস হলরুমে এক সভায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম প্রতি বছর জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের মতো উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নিয়ে সম্মেলন করার প্রস্তাব দেন।
সভায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, প্রতি বছর জেলা প্রশাসকেরা সরকারের মন্ত্রী-সচিবদের সামনে মাঠ প্রশাসনের নানা ধরনের সমস্যা ও চ্যালেঞ্জের কথা তুলে ধরেন। একই ভাবে যদি ইউএনওরা সরকারের কাছে মাঠ প্রশাসনের সমস্যার কথা তুলে ধরেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কোথায় সমস্যা হচ্ছে, সেটি তুলে ধরেন, সেটি সরকারের জন্য ভালো হবে। সরকার দ্রুত ব্যবস্থা নিতে পারবে। ইউএনও সম্মেলন করতে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করবেন বলেও জানান তিনি।
ওই সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকারমন্ত্রী আবদুল মঈন খান। বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আবদুল বারি। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের সচিব শহীদুল হাসান। সভায় অন্যদের মধ্যে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব কামরুজ্জামান চৌধুরী, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব রফিকুল ই মোহামেদ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখসহ বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।