
নয়া দিগন্ত ডেস্ক
দেশে চলতি বছর হাম ও উপসর্গে সোমবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মোট তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন করে ঢাকা, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে মারা গেছেন। তবে এ সময় নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি। গতকাল স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে একই সময় নতুন করে হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছেন মোট এক হাজার ২৫৯ জন। এর মধ্যে এক হাজার ২১৭ জনের দেহে হামের উপসর্গ মিলেছে। আর হাম শনাক্ত হয়েছে ৪২ জনের। এ ছাড়া নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ১০৫ জন, আর সুস্থ হওয়ায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন এক হাজার ৮২৬ জন।
আর চলতি বছরের ১৫ মার্চ থেকে হাম ও উপসর্গ নিয়ে গতকাল পর্যন্ত সারা দেশে মোট এক হাজার ২০১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন, আর উপসর্গে মারা গেছে এক হাজার ৯৭ জন।
একই সময়ে হামের উপসর্গ দেখা দিয়েছে মোট দুই লাখ ১৫ হাজার ৭৬৮ জনের। আর হাম শনাক্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ২৩ হাজার ১৯৯ জনের। মোট হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছে দুই লাখ ৩৮ হাজার ৯৬৭ জন। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৯১ হাজার ৭৬৮ জন, আর সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছেন এক লাখ ৮৪ হাজার ৮৬৮ জন।
চলতি বছরে হাম ও উপসর্গে সবচেয়ে বেশি ৫৬১ জন মারা গেছে ঢাকা বিভাগে। এরপর সিলেট বিভাগে ১৯৬, চট্টগ্রামে ১১২, রাজশাহীতে ৯৬, ময়মনসিংহে ৮৭, বরিশালে ৮৪, খুলনায় ৫১ ও রংপুর বিভাগে ১৭ জন মারা গেছে।
সিলেট বিভাগে নতুন ভর্তি ১১৮
সিলেট ব্যুরো জানায়, সিলেট বিভাগে হামে মৃত্যুহীন দিন কাটলেও মিলছে না স্বস্তি। গত ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে নতুন ভর্তি হয়েছেন আরো ১১৮ জন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪০৭ জন।
গতকাল এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. মো: মাহবুবুল আলম।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, এ পর্যন্ত সিলেট বিভাগে হাম ও উপসর্গে ১৯৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হাম রোগে সিলেটে ৭৭, হবিগঞ্জে ২৬, মৌলভীবাজারে ১৫ এবং সুনামগঞ্জে ৬৮ জনের মৃত্যু হয়েছে। অন্য দিকে নিশ্চিত হাম রোগে সিলেটে চার, হবিগঞ্জে চার, মৌলভীবাজারে একজন ও সুনামগঞ্জে একজনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে সিলেটে ৮১, হবিগঞ্জে ৩০, মৌলভীবাজারে ১৬ এবং সুনামগঞ্জে ৬৯ জনের মৃত্যু হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








