
নিজস্ব প্রতিবেদক
হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার মহানবমী পালিত হয়েছে গতকাল। এদিন রাজধানী ঢাকার মণ্ডপগুলোতে ভক্ত ও দর্শনার্থীদের ব্যাপক ভিড় দেখা গেছে। ভক্তরা মণ্ডপে অঞ্জলি ও ভোগ দিয়েছেন। নবমী পূজা ও সন্ধ্যা আরতি শেষে বিদায়ের সুর বাজতে শুরু করেছে। আজ বিজয়া দশমীতে মূর্তি বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে ছয় দিনের দুর্গাপূজা। নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে সন্ধ্যার আগেই বিসর্জনের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ।
গতকাল মহানবমীর দিনে রাজধানী ঢাকাসহ সারা দেশের পূজামণ্ডপগুলোতে মানুষের ঢল নেমেছিল। মণ্ডপে মণ্ডপে মানুষের ভিড় ছিল উপচেপড়া। হাজার হাজার ভক্ত, পূজারী এবং দর্শনার্থী মণ্ডপগুলোতে ঘুরে ঘুরে প্রতিমা দর্শন করেছেন। দিনটির প্রধান আকর্ষণ ছিল মণ্ডপে মণ্ডপে আরতি প্রতিযোগিতা। সন্ধ্যা ও রাতকে উজ্জ্বল করে ভক্তরা মেতে উঠেছিলেন নানা ঢঙে, আরতি নিবেদনে। সেই সাথে ছিল দিনভর পুরোহিতদের চণ্ডি পাঠ। মণ্ডপে মণ্ডপে ভক্তদের কীর্ত্তন বন্দনা। সকালে দেবীর মহানবমী কল্পারম্ভ ও মহানবমীবিহিত পূজা অনুষ্ঠিত হয়। পূজা শেষে যথারীতি পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণ ও সন্ধ্যায় ভোগ আরতি করা হয়।
আজ বুধবার বিজয়া দশমী। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ছয় দিনের উৎসব শেষ হবে বিসর্জনের মধ্য দিয়ে। অশ্রুসজল চোখে হিন্দু সম্প্রদায়ের মানুষ বিসর্জন দেবেন দুর্গামূর্তি। ছয় দিনের সার্বজনীন মিলন মেলা ভাঙবে আজ। সকালে দশমীবিহিত পূজা অনুষ্ঠিত হবে। এরপর সারা দেশে স্থানীয় আয়োজন ও সুবিধামতো সময়ে বিজয়ার শোভাযাত্রা সহকারে বিসর্জন দেয়া হবে।
বিসর্জন শেষে ভক্তরা শান্তিজল গ্রহণ করবেন। বিসর্জনের উদ্দেশে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির মেলাঙ্গন থেকে কেন্দ্রীয় বিজয়া শোভাযাত্রা বের হবে বেলা ৩টায়। এর আগে রাজধানীর পূজামণ্ডপগুলোর অধিকাংশই এসে জমা হবে পলাশীর মোড়ে। সেখান থেকে সম্মিলিত বাদ্য-বাজনা, মন্ত্রোচ্চারণ ও পূজা-অর্চনার মধ্য দিয়ে শুরু হবে বিজয়ার শোভাযাত্রা। এরপর সদরঘাটের ওয়াইজঘাটের বুড়িগঙ্গা নদীতে একে একে বিসর্জন দেয়া হবে প্রতিমা।
বিজয়া দশমী উপলক্ষে আজ সরকারি ছুটি। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারসহ স্যাটেলাইট টেলিভিশনগুলো বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করবে। সংবাদপত্রগুলো প্রকাশ করবে বিশেষ সংখ্যা ও নিবন্ধ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








