বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রেস ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
জাতীয় প্রেস ক্লাবের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে কেক কাটেন অতিথি ও ক্লাবের ব্যবস্থাপনা কমিটির কর্মকর্তারা : নয়া দিগন্ত।

  নিজস্ব প্রতিবেদক

Advertisement

উৎসবমুখর ও বর্ণাঢ্য নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো দেশের সাংবাদিকদের প্রধান ও ঐতিহ্যবাহী সংগঠন জাতীয় প্রেস ক্লাবের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী। অনুষ্ঠানের সমাপনী দিনের শুরুতে সকালে জমকালো অনুষ্ঠানে কেক কেটে দিবসের শুভ সূচনা করা হয়। অনুষ্ঠানে ক্লাবের বর্তমান সভাপতি হাসান হাফিজ এবং সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়াসহ দেশবরেণ্য সাংবাদিক, সম্পাদক ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তোপখানা রোডের প্রেস ক্লাব ভবনসহ পুরো এলাকাকে নান্দনিক ও বর্ণিল আলোকসজ্জায় সাজিয়ে তোলা হয়। ৭২তম এই প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে ক্লাব কর্তৃপক্ষ বেশ কয়েক দিন আগে থেকেই বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, শিশুদের আনন্দমেলা, মিনি ম্যারাথন, কর্মচারীদের ফুটবল ম্যাচ ও শুটিং প্রতিযোগিতার মতো নানা উৎসবমুখর ইভেন্ট ও ক্লাবের সাবেক সদস্যদের স্মরণে আলোচনা সভার মতো কর্মসূচির আয়োজন করে।
সমাপনী দিনে কেক কাটার পাশাপাশি দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে সন্ধ্যার মূল আকর্ষণ হিসেবে ক্লাব সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এরপর ঐতিহ্যবাহী নৈশভোজ ও আকর্ষণীয় র‌্যাফল ড্রয়ের মাধ্যমে সপ্তাহব্যাপী এই উৎসবের সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানে প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কর্মকর্তারা তাদের বক্তব্যে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা ও সাংবাদিকদের অধিকার রক্ষায় এই ক্লাবের গৌরবময় ঐতিহাসিক ভূমিকার কথা স্মরণ করেন। তারা ক্লাবের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে সব সদস্যকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। দেশের সাংবাদিকদের ঐতিহ্যবাহী এ প্রতিষ্ঠান ১৯৫৪ সালের এই দিনে গৌরবময় যাত্রা শুরু করে।