
নিজস্ব প্রতিবেদক
সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের পর এবার অভিন্ন প্রশ্নে যুক্ত হচ্ছে মাদরাসা বোর্ড। এ লক্ষ্যে ইতোমধ্যে বিষয় কোড সমন্বয করার কার্যক্রমও শুরু হয়েছে। সূত্র জানায়, এইচএসসি ও আলিম পরীক্ষায় অভিন্ন প্রশ্নপত্র প্রণয়নের জন্য সাধারণ শিক্ষাধারার এইচএসসির বিষয় কোডের সাথে মাদরাসা শিক্ষাধারার আলিম স্তরের বিষয় কোড সমন্বয় করা হচ্ছে। মাদরাসার আলিম শিক্ষাবর্ষ ২০২৬-২০২৭ শিক্ষার্থীদের জন্য এ বিষয় কোড ব্যবহার করতে হবে। এ লক্ষ্যে আলিম পরীক্ষা ২০২৭ এ অংশগ্রহণকারী নিয়মিত পরীক্ষার্থীদের জন্য নির্ধারিত বিষয় কাঠামো, বিষয় কোড, বিষয়ভিত্তিক প্রশ্নের ধারা ও নম্বরবণ্টনসহ পূর্ণাঙ্গ পাঠ্যসূচি প্রকাশ করা হয়েছে।
মাদরাসা শিক্ষা বোর্ড সূত্র জানায় বিষয়টি এখন চূড়ান্তভাবে সমন্বয় করা হচ্ছে। এ বিষয়ে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের জানানো হয়েছে। মাদরাসা শিক্ষা বোর্ড সূত্র জানায় এইচএসসি ও আলিম পরীক্ষায় অভিন্ন প্রশ্নপত্র প্রণয়নের জন্য সাধারণ শিক্ষাধারার এইচএসসির বিষয় কোডের সাথে মাদরাসা শিক্ষাধারার বিষয় কোড সমন্বয় করে আলিম শ্রেণীর বিষয় কোডগুলো পুনর্নির্ধারণ করা হয়েছে। আলিম স্তরের বিষয়গুলোর পুরাতন কোড ও নতুন কোড সংবলিত তালিকা প্রকাশও করা হয়েছে। পুনর্নির্ধারিত নতুন বিষয় কোডগুলো নিয়মিত পরীক্ষার্থীদের ক্ষেত্রে আলিম পরীক্ষা ২০২৭ থেকে কার্যকর হবে। ফলে, আলিম পরীক্ষা ২০২৭ থেকে নিয়মিত পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন, ফরম পূরণ, পরীক্ষার্থী সংক্রান্ত তথ্য সংরক্ষণ ও প্রেরণ, প্রবেশপত্র, প্রশ্নপত্র, উত্তরপত্র, ফল প্রস্তুতকরণ, নম্বরপত্র, সনদপত্র এবং পরীক্ষা-সংশ্লিষ্ট সব কার্যক্রমে সংযুক্ত তালিকায় বর্ণিত নতুন বিষয় কোড ব্যবহার করতে হবে। অনিয়মিত পরীক্ষার্থীদের ক্ষেত্রে পূর্বের বিষয় কোডগুলো বহাল থাকবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








