বিসর্জনের সময় থাকবে বিশেষ ডুবুরি দল

 নিজস্ব প্রতিবেদক
কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো: মঈনুল হাসান বলেছেন, দুর্গাপূজা উপলক্ষে ধর্মীয় উপাসনালয়, গুরুত্বপূর্ণ স্থাপনা ও উপকূলীয় অঞ্চলের সর্বসাধারণের জানমাল রক্ষায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা। বিশেষ করে বিসর্জনের স্থানগুলোতে সম্ভাব্য দুর্ঘটনা মোকাবেলায় কাজ করবে বাহিনীর বিশেষ ডুবুরি দল। 
গতকাল মঙ্গলবার বিকেলে মোংলা উপজেলা কেন্দ্রীয় মন্দিরে দুর্গাপূজার নিরাপত্তা পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি। 
মহাপরিচালক বলেন, বাংলাদেশ কোস্টগার্ড দেশের উপকূলীয় ও নদীতীরবর্তী এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। পাশাপাশি বিভিন্ন সময়ে সরকারের নির্দেশনা মোতাবেক বিভিন্ন ধর্মীয় উৎসবে নিরাপত্তা প্রদান, ধর্মীয় উপাসনালয়সহ গুরুত্বপূর্ণ স্থাপনা এবং সর্বসাধারণের জানমাল রক্ষায় কৃতিত্বপূর্ণ অবদান রেখে চলেছে। এরই ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় বাংলাদেশ কোস্টগার্ড আওতাধীন এলাকাসমূহে হিন্দু ধর্মাবলম্বীদের মহা উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ধর্মীয় উপাসনালয়সহ পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা বজায় রাখাসহ যেকোনো অনাকাক্সিক্ষত পরিস্থিতি রোধে পূজার শুরু থেকেই ৩,৫০০ জন কোস্টগার্ড সদস্য নিয়োজিত রয়েছে। আপনারা অবগত আছেন, কোস্টগার্ড পশ্চিম জোনের আওতাধীন খুলনা, বাগেরহাট এবং সাতক্ষীরা জেলার উপকূলীয় এলাকায় আমরা মোট ১৪৪টি মন্দির ও পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে কাজ করছি।
হিন্দু ধর্মাবলম্বীরা যেন তাদের ধর্মীয় উৎসবটি                                                                                                                                  শান্তিপূর্ণ, নিরাপদে ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন করতে পারেন, সে লক্ষ্যে আমরা গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করাসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথে যৌথভাবে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
তিনি বিসর্জনের সময়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন সম্ভাব্য দুর্ঘটনা মোকাবেলায় বিশেষ ডুবুরি দল উপস্থিত থাকবে। এ ছাড়াও যেকোনো অপ্রীতিকর পরিস্থিতিতে সহায়তা নিতে কোস্টগার্ড জরুরি সেবা নম্বর ১৬১১১-এ যোগাযোগ করার আহ্বান জানান তিনি।

Advertisement