সম্প্রীতির বন্ধন আরো সুদৃঢ় করতে হবে: আরিফুল হক চৌধুরী

সিলেট ব্যুরো

Advertisement

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টান- সব ধর্মের মানুষের মধ্যে বিদ্যমান সম্প্রীতি আরো সুদৃঢ় করতে সম্মিলিতভাবে কাজ করতে হবে। দেশকে সুন্দর ও শান্তির দেশে পরিণত করতে সবাইকে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করার আহ্বান জানান তিনি।
গতকাল মঙ্গলবার দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার ত্রিনয়নী শিববাড়ী মন্দিরের দুর্গাপূজা পরিদর্শন শেষে মন্ত্রী এসব কথা বলেন। এ সময় মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দুর্গাপূজা সুন্দর ও সুষ্ঠুভাবে উদযাপনে প্রয়োজনীয় সহযোগিতা দিচ্ছে। সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যরা নিজ নিজ দায়িত্বপ্রাপ্ত জেলা ও নির্বাচনী এলাকায় পূজার আয়োজন সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে কাজ করছেন। 
পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আরিফুল হক চৌধুরী বলেন, গতকাল সিলেটের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছি এবং আজ মৌলভীবাজারে এসেছি। এবারের দুর্গাপূজা আগের বছরের তুলনায় অত্যন্ত সুশৃঙ্খল ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। 
প্রধানমন্ত্রী এবার পূজা উদ্যাপনে আরো বেশি সহযোগিতা করেছেন, যাতে সনাতন ধর্মাবলম্বীরা নির্বিঘেœ তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারেন। বাংলাদেশী হিসেবে সব ধর্মের মানুষের পারস্পরিক সম্প্রীতি আরো সমৃদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
মন্দির পরিদর্শনকালে মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান, জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, পুলিশ সুপার মনিরুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন, সদস্যসচিব আবদুর রহমান রিপন ও সিনিয়র সদস্য এম এ মুকিত এবং ত্রিনয়নী শিববাড়ী মন্দির পরিচালনা কমিটির সভাপতি স্বাগত কিশোর দাস চৌধুরীসহ সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা, মন্দির পরিচালনা কমিটির সদস্য, দর্শনার্থী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে মন্ত্রী মৌলভীবাজার সদরের শ্রী শ্রী নতুন কালীবাড়ি মন্দির ও মহেশ্বরী পূজামণ্ডপ পরিদর্শন করেন।