আলবার্টার স্বাধীনতা প্রস্তাব নাকচ বহাল থাকছে কানাডার অখণ্ডতা

এএফপি
কানাডার প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ আলবার্টা প্রদেশের অধিবাসীরা এক আগাম নির্বাচনে অখণ্ড কানাডার পক্ষে রায় দিয়ে সম্ভাব্য স্বাধীনতার প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছেন। আলবার্টা প্রদেশটি কানাডার সংহতি বজায় রাখবে নাকি একটি বাধ্যবাধকতামূলক স্বাধীনতা গণভোটের পথে হাঁটবে- তা নির্ধারণেই এই ভোটাভুটি আয়োজিত হয়। গণনার প্রাথমিক ফলাফলে সংখ্যাগরিষ্ঠ জনগণ আলাদা হওয়ার উদ্যোগ খারিজ করে দিলে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি একে নাগরিকদের ‘স্পষ্ট ও সুনির্দিষ্ট মতামত’ হিসেবে স্বাগত জানান। প্রতিবেশী যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের চরম টানাপড়েন ও ট্রাম্প প্রশাসনের চাপের মধ্যেই অত্যন্ত সংবেদনশীল সময়ে এই ভোটাভুটি সম্পন্ন হলো।
বিদ্যমান পরিস্থিতিতে জাতীয় ঐক্যের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী কার্নি এই সময়কে ভোট আয়োজনের জন্য অনুচিত বলে উল্লেখ করেন। তিনি সতর্ক করেন যে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন কানাডার ওপর বাণিজ্যিক চাপ সৃষ্টি করছেন এবং অখণ্ডতা ক্ষুণœ করে একীভূতকরণের হুমকি দিচ্ছেন, তখন অভ্যন্তরীণ বিচ্ছিন্নতা আরো ঝুঁকি বাড়াবে। ৩১ লাখ নিবন্ধিত ভোটারের এই প্রদেশে স্থানীয় সময় রাত ৮টায় ভোটগ্রহণ পর্ব শেষ হয়। ভোটের আগে পরিচালিত বিভিন্ন জরিপে স্পষ্ট ছিল যে, মাত্র এক-চতুর্থাংশের কম নাগরিক পৃথক রাষ্ট্রের পক্ষে ছিলেন।

Advertisement