
ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় রাউন্ডের দ্বিতীয় দিন শেষে জমে উঠেছে চার ম্যাচই। ময়মনসিংহে ৭১ রান করে এক অনন্য কীর্তি গড়েছেন শুভাগত হোম। ৭০ রান তুলতেই প্রথম শ্রেণীর ক্রিকেটে সাত হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন শুভাগত। তাতে বাংলাদেশের প্রথম খেলোয়াড় হিসেবে প্রথম শ্রেণীর ক্রিকেটে সাত হাজার রান ও ৩০০ উইকেটের ‘ডাবল’ পেয়ে গেলেন শুভাগত। তবে দিনের সবচেয়ে আলোচিত পারফরম্যান্স রাজশাহীর নাঈম আহমেদের অপরাজিত ১৭৬ রান।
বরিশালের বিপক্ষে নাঈমের ব্যাটে রানের ফোয়ারা ছুটিয়েছে রাজশাহী। দিনের শুরু থেকে আক্রমণাত্মক ব্যাটিংয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে নিজের প্রথম সেঞ্চুরি তুলে নেন ২১ বছর বয়সী এই ব্যাটার। সাব্বির রহমানের সাথে চতুর্থ উইকেটে ১৫২ রানের জুটি গড়েন নাঈম। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান সাব্বির রহমান এবার ফেরেন ৮৬ রানে। দিন শেষে রাজশাহীর সংগ্রহ ৫ উইকেটে ৪২৪ রান। এতে ইতোমধ্যে লিড ১৯৫ রানের।
ঢাকার বিপক্ষে ম্যাচে প্রথম ইনিংসে ৩৮৭ রানে অলআউট হয়েছে ময়মনসিংহ। শুভাগত হোম ৭১ ও অধিনায়ক রাকিবুল হাসান ৬১ রান করেন। জবাবে দিন শেষে ঢাকা তিন উইকেটে ১২০ রান তুলেছে। অধিনায়ক মোহাম্মদ নাঈম অপরাজিত ৬৪ রানে।
সিলেটের বিপক্ষে ম্যাচে প্রথম ইনিংসে ২০৬ রানে অলআউট হয়েছে রংপুর। তাতেই প্রথম ইনিংসে ২৭ রানের লিড পায় রংপুর। মোসাদ্দেক ৫৯ ও আকবর আলী ৭৪ রান করেন। সিলেটের নাঈম আহমেদ চার উইকেট নিয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে ৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন। দ্বিতীয় ইনিংসে সিলেট বিনা উইকেটে ৩৪ রান তুলে সাত রানে এগিয়ে দিন শেষ করেছে।
খুলনা-চট্টগ্রাম ম্যাচে প্রথম ইনিংসে ২৫০ রান করে চট্টগ্রাম। জবাবে দ্বিতীয় ইনিংসে খুলনা ছয় উইকেটে ১৬১ রান তুলেছে। আফিফ হোসেন ৫৮ রানে অপরাজিত আছেন। প্রথম ইনিংসে ২০১ রানে অলআউট হয়েছিল খুলনা। ফলে দ্বিতীয় দিন শেষে দলটি ইতোমধ্যে লিড পেয়েছে ১১২ রানের।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








