
বিনোদন প্রতিবেদক
দিনাত জাহান মুন্নী, বাংলাদেশের একজন জনপ্রিয় সঙ্গীতশিল্পী। চাঁদপুরে জন্ম নেয়া মুন্নীর পেশাগতভাবে গানের যাত্রা শুরু হয়েছিল ১৯৯৬ সালে বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনে শিল্পী হিসেবে তালিকাভুক্ত হওয়ার মধ্যদিয়ে। ১৯৯৭ সালেই তিনি একজন প্রতিশ্রুতিশীল শিল্পী হিসেবে প্রথম প্লেব্যাক (সিনেমার গান) করেন। তার প্রকাশিত প্রথম আধুনিক গানের একক অ্যালবাম ‘প্রতীক্ষা’ প্রকাশিত হয় ২০০০ সালে। এই অ্যালবাম প্রকাশের অর্ধযুগ পর ‘আমি অপার হয়ে বসে আছি’ শিরোনামের আরো একটি অ্যালবাম প্রকাশিত হয়। এরপর মুন্নীর আরো বেশকিছু দ্বৈত গানের অ্যালবাম প্রকাশ করেন। যেমন- মন ছুঁয়ে যাও’, ‘চলো যাই অজানায়’, ‘ফিরব না আজ বাড়ি’। এ ছাড়াও তিনি বেশকিছু মিক্সড অ্যালবামেও গান গেয়েছেন। মুন্নীর কণ্ঠে সিনেমায় গাওয়া সবচেয়ে জনপ্রিয় গান হচ্ছে ‘সব কথা বলে না হৃদয় কিছু কথা বুঝে নিতে হয়’, ‘ও প্রিয় আমি তোমার হতে চাই’। এছাড়াও তার কণ্ঠে জনপ্রিয়তা পাওয়া সিনেমার গানের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ‘তোমার সঙ্গে এক কাপ চা’, ‘সূর্য ডুবে গেলে’, ‘ভালোবাসায় নাও ভাসাইয়া’, ‘হাত বাড়িয়ে ছুঁইনা তোমায়’, ‘এক্সকিউজ মি’ ইত্যাদি। দিনাত জাহান মুন্নী মূলত শৈশব ও কৈশোরে সঙ্গীতে অসামান্য কৃতিত্বের জন্য একাধিকবার জাতীয় পর্যায়ে পুরস্কৃত হয়েছেন এবং পরবর্তীতে আন্তর্জাতিক পরিমণ্ডলেও বিশেষ সম্মাননা লাভ করেছেন। জাতীয় শিশু-কিশোর পুরস্কার, গানের জন্য তিনি শৈশয়বে ও স্কুলজীবনে মোট পাঁচবার জাতীয় শিশু-কিশোর প্রতিযোগিতার শ্রেষ্ঠ পুরস্কার অর্জন করেন। ১৯৮৭ সালে জাতীয় পুরস্কার অর্জনের পর তিনি বঙ্গভবনে তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের হাত থেকে পাঁচ হাজার টাকার বিশেষ পুরস্কার গ্রহণ করেন। মাত্র সাত বছর বয়সে চাঁদপুরে ‘কচিকাঁচার আসরে’ তার গান শুনে মুগ্ধ হয়ে ঢাকা থেকে সংগঠক রোকনুজ্জামান খান (দাদা ভাই) তাকে অনেক উপহারসহ পাঁচ হাজার টাকা পাঠিয়েছিলেন। বাংলাদেশের সঙ্গীতে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৬ সালের ৪ সেপ্টেম্বর নিউইয়র্কে ফোবানার পক্ষ থেকে তাকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। দিনাত জাহান মুন্নী সঙ্গীতশিল্পী হিসেবে সুপরিচিত হলেও টেলিভিশন উপস্থাপনাতেও তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। মূলত পরিচালকদের অনুরোধে তিনি উপস্থাপনায় আসেন এবং পরবর্তীতে বিভিন্ন টিভি চ্যানেলের জনপ্রিয় অনুষ্ঠানে নিয়মিত মুখ হয়ে ওঠেন। রাঙা সকাল (মাছরাঙা টেলিভিশন) এটি তার উপস্থাপনা জীবনের সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠানগুলোর একটি। বিটিভিতেও একটি ম্যাগাজিন অনুষ্ঠানের নিয়মিত উপস্থাপনা করে তিনি দর্শকদের কাছে দারুণ প্রশংসিত হন। সঙ্গীত জীবন দীর্ঘদিনের প্রসঙ্গে মুন্নী বলেন, ‘সঙ্গীত জীবনের দীর্ঘদিনের পথচলায় আমি বহু মানুষের সহযোগিতা, ভালোবাসা পেয়েছি। তবে সবচেয়ে বড় অবদান আমার স্বামী কবির বকুলের। তার শতভাগ সহযোগিতা, অনুপ্রেরণার কারণেই আমি আজকের মুন্নী।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








