রিয়ালের জয়ের রাতে জিতেছে আর্সেনালও

ক্রীড়া ডেস্ক
স্প্যানিশ লা লিগায় গত পরশু বড় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। নিজেদের মাঠে সেভিয়াকে ৪-১ ব্যবধানে হারিয়েছে লস ব্লাঙ্কোসরা। ইংলিশ প্রিমিয়ার লিগে কষ্টের জয়ে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে ফিরেছে আর্সেনাল। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাইটন অ্যান্ড হোব। এদিন ফ্রান্স লিগ ওয়ানে প্যারিস এফসির বিপক্ষে ৪-৩ গোলে হেরেছে রেনেস। তবে এই ম্যাচে পরাজিত দলের এস্তেবান লেপাওল পেনাল্টি থেকে তিন গোল করে গড়েছেন রেকর্ড। ফুটবল ইতিহাসে পেনাল্টি থেকে হ্যাটট্রিক করার ঘটনা হাতেগোনা কয়েকটি থাকলেও, ম্যাচ হেরেও কোনো খেলোয়াড়ের পেনাল্টি হ্যাটট্রিক করার ঘটনা অত্যন্ত বিরল। এর আগে লিগ ওয়ানে এমন পেনাল্টি থেকে তিন গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেছিলেন ১৯৯২ সালে তুলোনের লিওনার্দো রদ্রিগেজ। সেবারও তার দলকে পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল। আর গত পরশু প্যারিস এফসির বিপক্ষে পেনাল্টি গোলে হ্যাটট্রিক করেও রেনেসকে জেতাতে পারেননি লেপাওল। ম্যাচে মোট পেনাল্টি থেকে গোল হয়েছে ৪টি। এমন ঘটনাও লিগ ওয়ানে ঘটল ৩৪ বছর পর।
ইংলিশ প্রিমিয়ার লিগে নটিংহ্যাম ফরেস্টের মাঠে ১-০ গোলের জয় পেয়েছে আর্সেনাল। ম্যাচের ৭৯ মিনিটে বদলি খেলোয়াড় ননি মাদুয়েকে গোল করে দলকে এগিয়ে দেন। এদিন ক্রিস্টাল প্যালেসকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে ব্রাইটন। বোর্নমাউথও ২-০ গোলে হারিয়েছে সান্ডারল্যান্ডকে। তবে লিডস ইউনাইটেড ও ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচটি শেষ হয়েছে ১-১ গোলে ড্রয়ে। ইতালির সিরি ‘আ’তে আটালান্টাকে ৩-২ গোলে হারিয়েছে এসি মিলান। জুভেন্টাসের বিপক্ষে ৩-০ গোলে জয় পেয়েছে লাজ্জিও। ফিওরেন্তিনাকে ৩-১ গোলে হারিয়েছে কোমো। উদিনেজের মাঠে ৩-০ গোলের জয় পেয়েছে লেচ্চে। বুন্দেসলিগায় ফ্রেইবুর্গকে ২-১ গোলে হারিয়েছে বায়ার লেভারকুজেন। মনচেনগ্লেডবাচকে ২-১ গোলে হারায় হফেনহাইম। ফ্রান্সের লিগ ওয়ানে রেনেসের বিপক্ষে সাত গোলের রোমাঞ্চে ৪-৩ ব্যবধানে জিতেছে প্যারিস এফসি। লে হার্ভেকে ৩-১ গোলে হারিয়েছে অক্সেরি। মোনাকোর বিপক্ষে ১-০ গোলের জয় লোরিয়েন্টের। 
স্প্যানিশ লা লিগায় সেভিয়াকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে দলের হয়ে ৩০ মিনিটে প্রথম গোলটি করেন আর্দা গুলার। এরপর ৩৭ ও ৬৩ মিনিটে জোড়া গোল করে দলের জয়ে বড় অবদান রাখেন কিলিয়ান এমবাপ্পে। সেভিয়ার হয়ে ৮০ মিনিটে গোল করে ব্যবধান কমিয়েছিলেন মানু বুয়েনো। দুই মিনিট পরই রিয়ালের হয়ে শেষবার জালে বল পাঠান ইয়ান দিয়োমান্দে। 
নিষেধাজ্ঞার কারণে এই ম্যাচে ভিনিসিয়াস জুনিয়র না থাকলেও আক্রমণভাগে ধার কমেনি রিয়ালের। প্রতিপক্ষের রক্ষণকে স্বাগতিকরা বারবার চাপে ফেলেছে এমবাপ্পের ব্যক্তিগত নৈপুণ্য ও গুলারের সৃজনশীলতায়। এই জয়ে পরবর্তী এল ক্লাসিকোর আগে আত্মবিশ্বাসও বাড়িয়ে নিলো রিয়াল। একই রাতে লা লিগায় রিয়াল সোসিয়েদাদ ৫-২ গোলে হারিয়েছে মালাগাকে। সেল্টা ভিগো ২-১ গোলে পরাজিত করেছে আলাভেসকে। রেসিং সান্তাদারের বিপক্ষে ২-০ গোলের জয় ওসাসুনার।

Advertisement