
শিল্পনগরী গাজীপুরের টঙ্গীতে পোশাকশ্রমিকদের খাদ্য ব্যয় কমাতে বিশেষ ওএমএস (ওপেন মার্কেট সেল) কার্যক্রমের আওতায় ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু হয়েছে। এ কর্মসূচির আওতায় একজন শ্রমিক প্রতি মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন।
শুক্রবার (১৩ নভেম্বর) টঙ্গীর পাগাড় এলাকার জাবের অ্যান্ড জোবায়ের ফেব্রিকস লিমিটেড কারখানার সামনে এ কার্যক্রমের উদ্বোধন করেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি।
প্রাথমিকভাবে প্রতি শুক্রবার টঙ্গীর আটটি স্থানে খোলা ট্রাকে এই চাল বিক্রি করা হবে। পর্যায়ক্রমে গাজীপুরের আরো ২২টি পোশাক কারখানার শ্রমিকদের জন্য এ কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। চাল কিনতে শ্রমিকদের নিজ নিজ কারখানার পরিচয়পত্র দেখাতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাস্টাররোলে স্বাক্ষর গ্রহণের মাধ্যমে চাল বিক্রি করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে এম মঞ্জুরুল করিম রনি বলেন, পলাতক ফ্যাসিস্ট সরকার ও তাদের নেতাকর্মীরা গার্মেন্টস শিল্পে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে। প্রকৃত শ্রমিকরা কখনোই শিল্পকারখানার ক্ষতি করবেন না। শ্রমিকদের স্বার্থ রক্ষা এবং শিল্পের স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, প্রাথমিক পর্যায়ে গাজীপুর মহানগরীর ৩০টি স্থানে পোশাকশ্রমিকরা ৩০ টাকা কেজি দরে চাল কিনতে পারবেন। পর্যায়ক্রমে এ কার্যক্রম আরো সম্প্রসারণ করা হবে। এছাড়া প্রধানমন্ত্রী ঘোষিত শিল্প হাসপাতাল টঙ্গীতে স্থাপন করা হবে।
খাদ্য অধিদফতর সূত্রে জানা গেছে, পোশাকশ্রমিকদের খাদ্য ব্যয় কমাতে সরকার প্রাথমিকভাবে তিন মাসের জন্য দেশব্যাপী এই বিশেষ ওএমএস কর্মসূচি চালু করেছে। ঢাকা মহানগর ও জেলার অন্যান্য এলাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন শিল্পাঞ্চলে এ কর্মসূচির আওতায় ট্রাকে চাল বিক্রি করা হচ্ছে।
সপ্তাহের প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা ও বিকেল আড়াইটা থেকে বিকেল ৫টা পর্যন্ত মজুত থাকা সাপেক্ষে চাল বিক্রি করা হচ্ছে। সারাদেশে ৭৫টি খোলা ট্রাকের মাধ্যমে প্রতি ট্রাকে পাঁচ টন করে মোট ৩৭৫ টন চাল বিক্রির পরিকল্পনা রয়েছে। খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য অধিদফতরের পৃথক মনিটরিং টিম কর্মসূচির স্বচ্ছতা ও সুষ্ঠু বাস্তবায়ন তদারকি করছে।
অনুষ্ঠানে জাবের অ্যান্ড জোবায়ের ফেব্রিকস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ জাবের ও এ এস এম রফিকুল ইসলাম (নোমান) উপস্থিত ছিলেন।
এছাড়া টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদা আহমেদ সুমন, সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম সাথী, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ ফারহাজ বিন ফয়েজ প্রবাল, টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফুল হক সুবেল প্রধান ও মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








