
পাকিস্তানি নায়িকার সাথে ‘মহব্বত’ সিনেমায় জুটি বাঁধতে যাচ্ছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। পাশাপাশি পাকিস্তানের চলচ্চিত্রশিল্পের সাথে বাংলাদেশের যৌথ কাজের সম্ভাবনার কথা নিজেই জানিয়েছেন এ অভিনেতা।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে এ বিষয়ে কথা বলেন তিনি। তিনি জানান, পাকিস্তানের একজন নায়িকাও এ সিনেমায় কাজ করছেন।
শাকিব খান বলেন, ‘পাকিস্তান ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে একটা কাজ হয়তো আমাদের হতে যাচ্ছে। পাকিস্তানি একজন নায়িকাও কাজ করবেন। তাদের সিনেমা ইন্ডাস্ট্রির খবর নিয়ে দেখলাম, আগে আমরা জানতাম তাদের কিছুই নেই। কিন্তু তাদের সিনেমা হলের সংখ্যা, রানিং হলের সংখ্যা নাকি ১২০০ প্রায়। মাল্টিপ্লেক্সও অনেক। আরো অবাক হলাম, তাদের একটা সিনেমা ব্লকবাস্টার হলে ২০০-৩০০ কোটি টাকা আয় করে। ওয়ান্ডারফুল! আমরাও সে জায়গা থেকে পিছিয়ে থাকব না।’
প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে শুরু হবে নির্মাতা হিমেল আশরাফের ‘মহব্বত’র শুটিং। পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের মে মাসে ঈদুল আজহায় সিনেমাটি মুক্তি দেয়ার লক্ষ্য রয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








