
রয়টার্স
কানাডা থেকে স্বাধীন হওয়ার পশ্নে তেল-সমৃদ্ধ আলবার্টায় ভোট গ্রহণ করা হয়েছে। তোরি মরগান ২৫ বছরেরও বেশি সময় ধরে কানাডার তেল-সমৃদ্ধ প্রদেশ আলবার্টাকে একটি স্বাধীন দেশে পরিণত করার জন্য লড়াই করছেন। গতকাল সোমবার আলবার্টার বাসিন্দারা এই ইস্যুতে প্রথমবারের মতো ভোট দিলেন। কিন্তু ভোটের ফল ‘না’ হলেও মরগান জানান, তিনি দীর্ঘমেয়াদী লড়াইয়ের জন্য প্রস্তুত।
তিনি বলেন, ‘আমি ভোটারদের রায়কে সম্মান জানাব। তারা যদি মনে করে এখনো আলাদা হওয়ার সময় হয়নি, তবে তা-ই সই। কিন্তু তার মানে এই নয় যে আমি থেমে যাব।’ ‘পাথওয়ে টু ইন্ডিপেনডেন্স’ নামক একটি সংস্থার প্রতিষ্ঠাতা মরগান হচ্ছেন এমন একদল প্রবীণ বিচ্ছিন্নতাবাদীর একজন, যারা এক সময় প্রান্তিক বলে মনে করা একটি ধারণাকে ভোটের ব্যালট পর্যন্ত নিয়ে আসতে পেরেছেন।
সোমবারের প্রাদেশিক গণভোটে আলবার্টার অধিবাসীদের কাছে জানতে চাওয়া হচ্ছে- তারা কি ভবিষ্যতে স্বাধীনতার বিষয়ে একটি বাধ্যতামূলক প্রস্তাব বাস্তবায়নের দিকে এগোতে চান কি না। জনমত জরিপগুলো বলছে, স্বাধীনতাপন্থী পক্ষের জয়ের সম্ভাবনা খুবই কম; প্রদেশের প্রতি পাঁচজনের চারজনই কানাডার অংশ হিসেবে থাকার পক্ষে। তবে মরগানের নজর বাকি ওই একজনের দিকে। মরগান বলেন, ‘এটি এমন কোনো আন্দোলন নয়, যা হারিয়ে যাবে।’ তবে এই গণভোট বিচ্ছিন্নতাবাদী আন্দোলন এবং সামগ্রিকভাবে কানাডার জন্য কী অর্থ বহন করবে, সেই প্রশ্নটি আরো জটিল।
সোমবারের ব্যালটে আলবার্টাবাসীদের দু’টি বিকল্প দেয়া হয়েছে- কানাডার অংশ হিসেবে থাকা অথবা ভবিষ্যতে বিচ্ছিন্নতার ওপর গণভোট আয়োজনের আইনি প্রক্রিয়া শুরু করা।
দ্বিতীয় বিকল্পের পক্ষে ভোট দেয়ার অর্থ এই নয় যে আলবার্টা সাথে সাথেই একটি স্বাধীন রাষ্ট্র হয়ে যাবে। যেকোনো প্রদেশ বিচ্ছিন্ন হতে চাইলে তাকে প্রথমে অটোয়ার কেন্দ্রীয় সরকার, অন্যান্য প্রদেশ এবং আলবার্টার আশেপাশে বসবাসকারী আদিবাসী জনগোষ্ঠীর সাথে জটিল আলোচনায় বসতে হবে। কিছু বিচ্ছিন্নতাবাদী সংগঠক এ পার্থক্যটিকে কাজে লাগিয়ে মানুষকে গণভোটের পক্ষে ভোট দিতে উৎসাহিত করছেন- এমনকি তারা নিজেরা বাধ্যতামূলকভাবে স্বাধীনতা না চাইলেও।
ইউনিভার্সিটি অব আলবার্টার রাজনৈতিক বিজ্ঞানের অধ্যাপক জারেড ওয়েসলি বলেন, “কৌশলী বিচ্ছিন্নতাবাদী ও তাদের নেতারা এই অস্পষ্টতার সুযোগ নিচ্ছেন। তারা মানুষকে দেশ ত্যাগ করার জন্য নয়, বরং অটোয়াকে একটি বার্তা দেওয়ার জন্য ‘হ্যাঁ’ ভোট দিতে উৎসাহিত করছেন যে আলবার্টাবাসীদের কথা শুনতে হবে।” ‘ভিউ পয়েন্ট আলবার্টা’র সংগৃহীত উপাত্ত ইঙ্গিত দেয় যে, গণভোট সমর্থনকারী দুই-তৃতীয়াংশ ভোটার কেবল কৌশলগত কারণে এবং অটোয়াকে একটি বার্তা দিতে সমর্থন দিচ্ছেন।
মরগান এদের বলছেন ‘অনিচ্ছুক বিচ্ছিন্নতাবাদী’- এমন কিছু মানুষ যারা চূড়ান্ত বিরক্ত এবং কেবল চান যেন অটোয়া তাদের দিকে নজর দেয়। তবে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি আলবার্টাবাসীদের এই কৌশলের বিষয়ে সতর্ক করেছেন। বৃহস্পতিবার ক্যালগারিতে এক স্বাধীনতাবিরোধী সমাবেশে তিনি বলেন, “ভোট দিয়ে ‘বার্তা পাঠানো যাবে’- এমন কথায় বিভ্রান্ত হবেন না। এটি কোনো পকার খেলা নয়। কানাডার বিপক্ষে ভোট দেয়া একটি বিপজ্জনক কৌশল, যা বছরের পর বছর ধরে গভীর বিভাজন ও চরম অনিশ্চয়তা তৈরি করবে।”
আলবার্টার বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের নেপথ্যে
সোমবারের এই গণভোট কয়েক দশকের পুঞ্জীভূত ক্ষোভের ফল। তেলের প্রমাণিত রিজার্ভের দিক থেকে বিশ্বে চতুর্থ স্থানে থাকা আলবার্টার বিচ্ছিন্নতাবাদীদের দীর্ঘ দিনের অভিযোগ- প্রদেশটি কেন্দ্রীয় সরকারকে অতিরিক্ত অর্থ দেয়, যা দিয়ে দেশের বাকি অংশের ভর্তুকি চলে, অথচ বিনিময়ে তারা কিছুই পায় না। তারা কেন্দ্রীয় জ্বালানি নীতিরও বিরোধী, যা তাদের মতে প্রদেশের তেল শিল্পের সম্ভাবনাকে সীমিত করে দিচ্ছে।
মরগানের মতে, এই ক্ষোভের সূত্রপাত ১৯৮০-এর দশকে, যখন তৎকালীন প্রধানমন্ত্রী পিয়েরে ট্রুডোর (সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর বাবা) সরকার ‘জাতীয় শক্তি কর্মসূচি’ চালুর ঘোষণা দেয়। সেই নীতিতে কানাডাজুড়ে জ্বালানির দাম সাশ্রয়ী রাখতে মূল্য নিয়ন্ত্রণ, কর এবং মালিকানার নিয়ম ব্যবহার করা হয়েছিল, যার ফলে আলবার্টার আয়ের বড় একটি অংশ ওটোয়ায় চলে যায়। এরপর থেকেই এটি ‘পশ্চিমা বিচ্ছিন্নতা’র একটি প্রধান প্রতীক হয়ে ওঠে- যেটি কানাডার পশ্চিমাঞ্চলীয় প্রদেশগুলোর অধিকারবঞ্চিত অনুভূতির প্রকাশ ঘটায়।
২০১৫ সালে জাস্টিন ট্রুডো ক্ষমতায় আসার পর এই উত্তেজনা নতুন করে দেখা দেয়। তার পরিবেশ নীতি, যার মধ্যে জাতীয় কার্বন কর এবং নির্গমন সীমা অন্তর্ভুক্ত ছিল, আলবার্টার তেল খাতকে চরম ক্ষুব্ধ করে তোলে। মরগান বলেন, ‘আমরা ৫০ বছর ধরে একই বিষয় নিয়ে লড়াই করে যাচ্ছি।’
এরপর আসে কোভিড-১৯ মহামারী। বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্য বিধিনিষেধের বিরুদ্ধে আন্দোলনগুলো নতুন প্রজন্মের রক্ষণশীল কর্মীদের চাঙ্গা করে তোলে, যা আলবার্টার বিচ্ছিন্নতাবাদী আন্দোলনে নতুন প্রাণ সঞ্চার করে। জনপ্রিয়তা কমে যাওয়ার মুখে ২০২৫ সালে ট্রুডো লিবারেল পার্টির নেতৃত্ব ও প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন এবং তার স্থলাভিষিক্ত হন মার্ক কার্নি।
গত বছর বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর ক্রমবর্ধমান চাপের মুখে আলবার্টার প্রিমিয়ার ড্যানিয়েল স্মিথের সরকার গণভোট আয়োজনকে সহজতর করে, যা আলবার্টার স্বাধীনতার প্রশ্নটিকে রাজনীতির মূল আলোচনায় নিয়ে আসে। অধ্যাপক ওয়েসলির মতে, এই মুহূর্তটি স্বাধীনতার প্রতি সাধারণ জনগণের সমর্থন বাড়ার চেয়ে স্মিথের শাসকদল ‘ইউনাইটেড কনজারভেটিভ পার্টি’র অভ্যন্তরীণ চাপের ফল। দলটির সদস্যরা সাধারণ আলবার্টাবাসীদের চেয়ে বিচ্ছিন্নতার পক্ষে বেশি সোচ্চার।
ওয়েসলি বলেন, ‘এ গণভোটটি হচ্ছে কারণ ড্যানিয়েল স্মিথ এটি চান। তিনি দলের অভ্যন্তরীণ সমস্যা মেটাতে পুরো জনগণের দিকে প্রশ্নটি ছুড়ে দিয়েছেন।’ স্মিথ এই গণভোটের আহ্বান জানালেও নিজে স্বাধীনতার বিরোধিতা করেছেন এবং ১৪ অক্টোবর তিনি জানান যে তিনি বিচ্ছেদের বিপক্ষে ভোট দিয়েছেন। সামাজিক মাধ্যমে দেয়া এক ভিডিওতে স্মিথ তার ভোটের ব্যাখ্যা দিয়ে বলেন, ‘আমার মতে, এখন আমাদের দেশের আশা ছেড়ে দেয়ার সময় নয়; বিশেষ করে যখন আমরা এত দীর্ঘ লড়াই করে এত দূর এসেছি।’
আন্দোলনকে আরো শক্তিশালী করতে পারে পরাজয়
স্মিথের এই রাজনৈতিক পদক্ষেপের সাথে ২০১৬ সালে যুক্তরাজ্যের ‘ব্রেক্সিট’ গণভোটের তুলনা টানা হচ্ছে। তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন তার নিজের কনজারভেটিভ পার্টির অভ্যন্তরীণ বিভাজন মেটাতে ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার বিষয়ে গণভোটের ডাক দিয়েছিলেন। শেষ পর্যন্ত ভোটাররা ইইউ ছাড়ার পক্ষে ভোট দেন, যা কয়েক বছরের রাজনৈতিক অস্থিরতার জন্ম দেয়।
তবে আলবার্টায় বেড়ে ওঠা এবং বর্তমানে আয়ারল্যান্ডে বসবাসকারী রাষ্ট্রবিজ্ঞানী ইয়ান কুপার মনে করেন, ১৯৭৫ সালে যুক্তরাজ্যের আরেকটি গণভোটের সাথে এর তুলনা করা বেশি যুক্তিযুক্ত। তখন ব্রিটিশ ভোটাররা বিপুল ভোটে তৎকালীন ‘ইউরোপীয় অর্থনৈতিক সম্প্রদায়’-এ থাকার পক্ষে রায় দিয়েছিলেন। তিনি বলেন, সেই ভোট কিন্তু ইউরোপ ছাড়তে চাওয়া অ্যাক্টিভিস্টদের দমিয়ে রাখতে পারেনি। কুপার বলেন, ‘যারা ব্রেক্সিটের পক্ষে ছিলেন, তারা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এগিয়েছিলেন। তাদের ২৫ বছর সময় লেগেছে, কিন্তু তারা অবশেষে তা অর্জন করেছেন।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








