
কূটনৈতিক প্রতিবেদক
সৌদি আরবে যে প্রক্রিয়ায় দুই বাংলাদেশী নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে তা ‘দুঃখজনক’ হিসেবে মন্তব্য করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, সৌদি আরবের সাথে বাংলাদেশের বিশেষ করে, আমাদের প্রধানমন্ত্রীর ভালো এবং গভীর সম্পর্ক রয়েছে। বাংলাদেশ ও সৌদি আরব উভয়েই জেনেভা কনভেনশনে স্বাক্ষরকারী দেশ। যে ঘটনা ঘটেছে, এখানে তথ্য বিনিময়ের ঘাটতি রয়েছে। ঘাটতিটা কিসের জন্য হয়েছে তা খতিয়ে দেখার জন্য আমরা সৌদি কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চেয়েছি। এখানে অবশ্যই তথ্য, যোগাযোগ ও প্রক্রিয়ায় কোনো এক জায়গায় ঘাটতি রয়েছে। আমরা এটা খতিয়ে দেখার জন্য দুই পক্ষ কথাবার্তা বলছি।
গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ সব কথা বলেন। গত বুধবার সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, পবিত্র মক্কার একটি মসজিদের ভেতরে অনৈতিক কাজে জড়িত থাকার দায়ে অভিযুক্ত দুই বাংলাদেশী নাগরিক নজরুল ইসলাম আবদুুল বাসির এবং সিথি আকতারের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশীর বিরুদ্ধে আনা অভিযোগ প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, যে অভিযোগ বা অপরাধের দায়ে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, তা বাংলাদেশের জন্য হতাশাজনক। মক্কায় মানুষ ধর্মীয় ও পবিত্র উদ্দেশ্য নিয়ে যায়। সেখানে এ ধরনের ঘটনা ঘটে থাকলে তা অত্যন্ত দুঃখজনক এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিদেশে অপরাধ সংঘটিত হয়ে থাকলে সংশ্লিষ্ট দেশের আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হয়। সৌদি আরবে যারা যান, তাদের সে দেশের আইন সম্পর্কে সচেতন থাকা উচিত।
মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশীর পরিবারের ক্ষতিপূরণ পাওয়ার কোনো সুযোগ আছে কি না- জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, না, রায় কার্যকর হয়ে গেছে। এটার আর সুযোগ নেই।
দুই বাংলাদেশীর পরিচয় নিশ্চিত হওয়ার প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, সেটা মিডিয়ার খবরে আপনারা দেখেছেন। একটা বিষয় পরিষ্কার, আমরা যদি সৌদি আরবের কোনো অপরাধীকে এখানে ধরি, অবশ্যই তাদের জানাব, যাতে আটককৃত ব্যক্তি কনস্যুলার সেবা পেতে পারে।
ভারতের সাথে কনস্যুলার সংলাপ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সংলাপ হবে। এতে দুই পক্ষের আগ্রহ রয়েছে, এমন সব বিষয় নিয়ে আলোচনা হবে।
এদিকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী সাংবাদিকদের সাথে আলাপকালে জানিয়েছে, সৌদি আরবের মক্কায় মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশীর একজন অভিবাসী শ্রমিক, অন্যজন ওমরাহযাত্রী। আকাশপথের যোগাযোগ ও পরিস্থিতি স্বাভাবিক হলে দুই বাংলাদেশীর লাশ দেশে ফিরিয়ে আনা হবে।
প্রবাসী বাংলাদেশীর পরিবারের সাক্ষাৎ : সৌদি আরবে নিহত এক বাংলাদেশীর পরিবারের সদস্যরা গতকাল পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সাথে সাক্ষাৎ করেছেন। নুরুল হক নামের ওই প্রবাসী ২০২৩ সালে সৌদি আরবে নিহত হন। নিহতের পরিবারের জন্য ক্ষতিপূরণ আদায়ে পররাষ্ট্র মন্ত্রণালয় সহযোগিতা করেছে। এর ধারাবাহিকতায় পরিবারটি গত সপ্তাহে ক্ষতিপূরণের অর্থ পেয়েছে।
সৌদি আরব থেকে ক্ষতিপূরণ আদায়ে সহযোগিতা করায় নিহতের পরিবারের সদস্যরা পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও মন্ত্রণালয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় প্রতিমন্ত্রী তাদের নিরাপত্তাসহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








