
নয়া দিগন্ত ডেস্ক
দুর্গাপূজার মহাষ্টমীর দিনে সোমবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন মণ্ডপে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে। এ উৎসবের শেষপর্যায়ে আজ মঙ্গলবার পালিত হবে মহানবমী। মণ্ডপে মণ্ডপে ইতোমধ্যেই বাজতে শুরু করেছে দেবী বিদায়ের সুর।
গতকাল সকালে মহাষ্টমীর পূজায় আশীর্বাদ ও অঞ্জলি দিতে দেশের নানা প্রান্তের পূজামণ্ডপগুলোতে ভক্তদের উপস্থিতি দেখা যায়। বিশেষ করে রাজধানীর রামকৃষ্ণ মঠ ও মিশনে কুমারী পূজা দেখতে সকাল থেকেই হাজার হাজার পুণ্যার্থী ভিড় জমান। নিরাপত্তা বেষ্টনী পার হয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তারা মণ্ডপে প্রবেশ করেন। উলুধ্বনি, শঙ্খধ্বনি আর ঢাকের বাদ্যে মুখরিত ছিল পুরো মিশন এলাকা।
কুমারী পূজায় জাতি বা ধর্মের কোনো ভেদাভেদ থাকে না। ঋতুবতী হয়নি- এমন ১ থেকে ১৬ বছর বয়সী যেকোনো কন্যাশিশুকে দেবীর আসনে বসিয়ে মাতৃরূপে এই পূজা করা হয়। নারীর ভেতরে দেবী দুর্গার মাতৃভাবকে উপলব্ধি করাই এর মূল লক্ষ্য। গঙ্গাজল, পুষ্পমালা, ধূপ ও অর্ঘ্য দিয়ে কুমারী মাকে পূজা করা হয়। মহাষ্টমীর এ আয়োজনের পাশাপাশি শেষভাগে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী সন্ধিপূজা, যেখানে ১০৮টি পদ্মফুল ও প্রদীপ উৎসর্গ করা হয়।
শাস্ত্রমতে, স্বর্গের দেবতাদের রক্ষায় দেবী দুর্গা কুমারীরূপে কোলাসুরকে বধ করেছিলেন। সেই পৌরাণিক ঘটনাকে স্মরণ করেই মর্ত্যে এই পূজার প্রচলন।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের তথ্য অনুযায়ী, এবার সারা দেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে, যা গত বছরের চেয়ে প্রায় দেড় হাজার বেশি। সারা দেশে পূজা উদযাপনে আইনশৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। ঢাকেশ্বরী মন্দিরে খোলা হয়েছে কেন্দ্রীয় নিয়ন্ত্রণক।
সিলেটে পূজামণ্ডপ পরিদর্শন এসআরবি-৯ অধিনায়কের
সিলেট ব্যুরো জানায়, দুর্গাপূজা ঘিরে সিলেট বিভাগে নিরাপত্তা জোরদার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। পূজামণ্ডপের নিরাপত্তায় চার শতাধিক সদস্য মোতায়েনের পাশাপাশি নিয়মিত টহল, সাইবার নজরদারি ও জরুরি পরিস্থিতি মোকাবেলায় স্ট্রাইকিং রিজার্ভ টিম প্রস্তুত রাখা হয়েছে।
রোববার দুপুরে সিলেট নগরীর মাছুদীঘির পাড়ের ত্রিনয়নী সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শনকালে এসব তথ্য জানান এসআরবি-৯-এর অধিনায়ক কমান্ডার মো: তাজমিনুর রহমান চৌধুরী।
তিনি জানান, এ বছর সিলেট জেলা ও মহানগর এলাকায় ৬৩৪টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। পূজা নির্বিঘেœ উদযাপন ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসন, পুলিশ, আনসারসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় করে কাজ করছে এসআরবি-৯।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








