আগামী ১ এপ্রিল থেকে জাপানে শ্রমিক নিয়োগ শুরু

 নিজস্ব প্রতিবেদক 

Advertisement

আগামী বছরের ১ এপ্রিল থেকে বাংলাদেশী কর্মী নিয়োগ শুরু করবে জাপান। এ-সংক্রান্ত একটি নতুন চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ ও জাপান। চুক্তির প্রাথমিক মেয়াদ হবে পাঁচ বছর। এরপর স্বয়ংক্রিয়ভাবে আরো পাঁচ বছরের জন্য বাড়বে। সব মিলিয়ে মেয়াদ হবে ১০ বছর।  
গত শনিবার ‘মেমোরেন্ডাম অব কো-অপারেশন অন এমপ্লয়মেন্ট স্কিলস ডেভেলপমেন্ট’ নামে এই চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এবং জাপানের পক্ষে দেশটির মিনিস্ট্রি অব জাস্টিস, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য, শ্রম ও কল্যাণ মন্ত্রণালয় এবং ন্যাশনাল পুলিশ এজেন্সির প্রতিনিধিরা চুক্তিতে স্বাক্ষর করেন। 
গতকাল প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়- প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং জাপান সরকারের প্রায় এক বছরের দীর্ঘ প্রচেষ্টার ফলস্বরূপ এই চুক্তি স্বাক্ষর হয়েছে, যা বাংলাদেশ ও জাপানের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচিত করেছে। 
প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরের সময় এই চুক্তির কপি আনুষ্ঠানিকভাবে উভয়পক্ষের মধ্যে হস্তান্তর করা হবে। এই ঐতিহাসিক চুক্তির ফলে বাংলাদেশী কর্মীরা জাপানে অভূতপূর্ব সুযোগ ও সুরক্ষা লাভ করবেন। চুক্তিটির মূল সুবিধাগুলো তুলে ধরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, কর্মীদের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করা এবং কর্মী প্রেরণ ও গ্রহণের ক্ষেত্রে উভয়পক্ষের মধ্যে সহযোগিতা আরো জোরদার করা হবে। এর পাশাপাশি কর্মসংস্থানের মাধ্যমে বাংলাদেশী নাগরিকদের দক্ষতা উন্নয়ন ঘটবে, যার ফলে কর্মীরা উচ্চ বেতন এবং জাপানে দীর্ঘমেয়াদে বসবাসের সুযোগ পাবেন। 
তিনি আরো উল্লেখ করেন, এই চুক্তির আওতায় কর্মীরা জাপানি স্থানীয় শ্রমিকদের সমতুল্য আইনি সুরক্ষাপ্রাপ্ত হবেন এবং কর্মক্ষেত্রে নারী-পুরুষ সমান সুযোগ পাবেন।