
চাঁদপুরের হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলার সীমান্তবর্তী এলাকায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের যুবকদের মধ্যে সংঘর্ষের মাঝে পড়ে শাহজাহান (৩০) নামে এক অটোচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ছয়জন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ধোপল্লা বাজার এলাকায় এ সংঘর্ষ হয়। পরে সন্ধ্যায় হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় শাহজাহানের মৃত্যু হয়।
নিহত শাহজাহান হাজীগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের এনায়েতপুর মুন্সিবাড়ির আলী আহমেদের ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন। তার সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
স্থানীয় সূত্র ও নিহতের স্বজনদের সাথে কথা বলে জানা যায়, প্রায় তিন দিন আগে সোনাচোঁ বালুর মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে হাজীগঞ্জের এনায়েতপুর ও শাহরাস্তির ধোপল্লা গ্রামের কয়েকজন যুবকের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ওই ঘটনার জের ধরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেলে ধোপল্লা বাজার এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
অভিযোগ রয়েছে, এ সংঘর্ষে ধোপল্লা এলাকার কয়েকটি বাড়ির ৫০ থেকে ৭০ জন যুবক ও কিশোর অংশ নেয়। এ সময় এনায়েতপুর থেকে অটোরিকশা নিয়ে যাত্রীসহ ধোপল্লা বাজার এলাকায় গেলে শাহজাহান হামলার শিকার হন। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
নিহতের ভাই মানিক হোসেন জানান, ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে কয়েক দিন ধরে বিরোধ চলছিল। বৃহস্পতিবার বিকেলে শাহজাহান অটোরিকশা নিয়ে বাড়ি ফেরার পথে সংঘর্ষের মধ্যে পড়ে হামলার শিকার হন। তাকে হাসপাতালে নেয়ার পর প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে বাড়িতে যাওয়ার পর হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে আবারো হাসপাতালে নেয়ার চেষ্টা করা হয়। তবে হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়।
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের পক্ষ থেকে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চাঁদপুরে পাঠানোর পরামর্শ দেয়া হয়েছিল বলে জানা গেছে।
খবর পেয়ে হাজীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সৌরভ সাদি লাশের সুরতহাল ও ময়নাতদন্ত-সংক্রান্ত কার্যক্রম শেষে লাশ থানায় নিয়ে আসেন।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কাউসার আলম ভূঁইয়া জানান, ঘটনাটি শাহরাস্তি থানা এলাকার। তিনি ঘটনাস্থলে রয়েছেন। যেহেতু ঘটনাটি শাহরাস্তি এলাকায় ঘটেছে, তাই শাহরাস্তি থানা পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে। অপরাধীদের কোনো ছাড় দেয়া হবে না।
ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধে একজন নিরীহ অটোচালকের নিহতের ঘটনায় দুই এলাকার সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের শনাক্ত এবং দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








