
বাংলাদেশ বিমান বাহিনীর বেসিক জেট ও ফাইটার এবং বেসিক হেলিকপ্টার কনভার্সন কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান যশোরে অবস্থিত বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন প্রশিক্ষণোত্তীর্ণ কর্মকর্তাদের মাঝে সনদপত্র বিতরণ করেন।
প্রধান অতিথি তার বক্তব্যে কোর্সে উত্তীর্ণ কর্মকর্তাদের অভিনন্দন জানান। তিনি আশা প্রকাশ করেন যে, বেসিক কোর্সে অর্জিত জ্ঞান কর্মকর্তাদের ভবিষ্যৎ উড্ডয়ন কার্যক্রমের গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করবে।
উল্লেখিত বেসিক জেট ও ফাইটার এবং বেসিক হেলিকপ্টার কনভার্সন কোর্সসমূহে বাংলাদেশ বিমান বাহিনীর ৩৯ জন কর্মকর্তা (১৫ নম্বর স্কোয়াড্রন থেকে ১৪ জন এবং ১৮ নম্বর স্কোয়াড্রন থেকে ২৫ জন) বৈমানিক অংশগ্রহণ করে সফলভাবে কোর্স সম্পন্ন করেন।
উল্লেখ্য, কে-৮ ডব্লিউ বিমান দ্বারা পরিচালিত বেসিক জেট ও ফাইটার কনভার্সন কোর্সে বিমান বাহিনীর বৈমানিকদের যুদ্ধবিমান পরিচালনার রণকৌশল প্রশিক্ষণ দেয়া হয়। একইভাবে, বেসিক হেলিকপ্টার কনভার্সন কোর্সে বেল-২০৬ ও এডব্লিউ-১১৯ হেলিকপ্টার দ্বারা হেলিকপ্টার পরিচালনার বিভিন্ন রণকৌশলের প্রশিক্ষণ দেয়া হয়।
সফরকালে বিমান বাহিনী প্রধান বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাঁটিতে ক্ষুদ্রাস্ত্রের ফায়ারিং রেঞ্জ উদ্বোধন করেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








