
আশুলিয়া (ঢাকা) সংবাদদাতা
ঢাকার আশুলিয়ায় অটোরিকশাচালকের ছদ্মবেশে অভিযান চালিয়ে অস্ত্র কেনাবেচার সময় তিনজনকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় একটি বিদেশী পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়। গত রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে আশুলিয়ার আউকপাড়া এলাকার একটি রিকশার গ্যারেজে এ অভিযান চালানো হয়।
আটক ব্যক্তিরা হলেন জহুরুল, আলভী ও মামুন। তারা শীর্ষ সন্ত্রাসী সাদ্দামের সহযোগী বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ। তবে তাদের বিস্তারিত পরিচয় জানানো হয়নি।
ডিবি সূত্র জানায়, আটক ব্যক্তিরা কিছুদিন আগে জামিনে কারামুক্ত হয়ে আবার অস্ত্র কেনাবেচাসহ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন এবং আউকপাড়া এলাকায় আধিপত্য বিস্তারের চেষ্টা করেন। এর আগে তাদের আটক করতে কয়েক দফা অভিযান চালানো হলেও পুলিশ তাদের আটক করতে পারেনি।
পরে ডিবির উপপরিদর্শক (এসআই) মো: শাহাদত হোসেনের নেতৃত্বে পুলিশ সদস্যরা লুঙ্গি পরে অটোরিকশাচালকের ছদ্মবেশে গ্যারেজে প্রবেশ করেন এবং দেখতে পান তারা অস্ত্র কেনাবেচা করছেন। তখন তাদেরকে চারদিক থেকে ঘিরে ফেলে আটক করা হয়।
ঢাকা জেলা উত্তর ডিবির ইনচার্জ মো: সাইদুল ইসলাম জানান, দীর্ঘদিনের চেষ্টায় চক্রটিকে আটক করা সম্ভব হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








