দর্শকদের হতাশ করতে চাই না -তৌসিফ মাহবুব
দর্শকদের হতাশ করতে চাই না -তৌসিফ মাহবুব।

বিনোদন রিপোর্ট 

Advertisement

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুবের ব্যস্ততা এখন নাটকের পাশাপাশি ওয়েব কনটেন্টেও। সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত ক্যাপিটাল ড্রামার নাটক ‘ছুঁয়ে দিলাম তোমায়’। নাটকটি প্রকাশের এক দিনের মধ্যেই প্রায় সাড়ে তিন মিলিয়ন ভিউ হয়েছে বলে জানিয়েছেন অভিনেতা। দর্শকের ইতিবাচক প্রতিক্রিয়ায় সন্তুষ্ট তিনি। তৌসিফ জানান, নাটকটির বেশির ভাগ মন্তব্যই ইতিবাচক। কেউ অভিনয়ের প্রশংসা করছেন, আবার কেউ গল্পের শেষ অংশ নিয়ে ভালো লাগার কথা জানাচ্ছেন। অবসর পেয়ে এক রাতে ইউটিউবে নাটকটির প্রায় দেড় হাজার মন্তব্য পড়েছেন তিনি। তার দাবি, তখন পর্যন্ত সব মন্তব্যই ছিল ইতিবাচক। অভিনেতার মতে, দর্শকের প্রশংসা ও মতামতই শিল্পীদের সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয়। আগের কাজের তুলনায় পরের কাজটি আরো ভালো করার চেষ্টা সব সময়ই করেন তিনি।
‘ছুঁয়ে দিলাম তোমায়’ নাটকে তটিনীর পাশাপাশি অভিনয় করেছেন নবাগত নীহা চৌধুরী। নতুনদের সাথে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে তৌসিফ বলেন, গল্পের প্রয়োজনেই নতুন শিল্পীরা কাজের সুযোগ পান। রোমান্টিক গল্পে দুই অভিনয়শিল্পীর রসায়ন গুরুত্বপূর্ণ হওয়ায় নতুনরা অনেক সময় সিনিয়রদের সাথে কাজ করতে গিয়ে নার্ভাস বোধ করেন। তাদের স্বাচ্ছন্দ্যে কাজ করার পরিবেশ তৈরি করার চেষ্টা করেন তিনি। নিজেকে নতুনদের ‘লাকি চার্ম’ বলেও উল্লেখ করেন তৌসিফ। তার ভাষ্য- নতুনদের অনেকে মনে করেন, তার সাথে কাজ করলে তাদের কাজ দর্শকের কাছে ভালোভাবে গ্রহণযোগ্য হয় এবং তারা আলোচনায় আসেন। এদিকে টানা ৯০ দিন শুটিংয়ের পর স্ত্রীকে নিয়ে সিলেটে ছোট্ট ছুটিতে গেছেন এই অভিনেতা। বিরতি শেষে ঢাকায় ফিরে আবারো কাজে ফিরবেন তিনি। পরিচালক ভিকি জাহেদের একটি ওয়েব ফিল্মে অভিনয়ের প্রস্তুতি নিচ্ছেন তৌসিফ। পাশাপাশি মাসের শেষ দিকে ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শুটিং এবং নভেম্বরে ‘চক্র ৩’-এর শুটিংয়ে অংশ নেয়ার পরিকল্পনা রয়েছে তার।
নাটক ও ওটিটিতে কাজ করলেও সিনেমায় অভিনয়ের বিষয়ে তাড়াহুড়া করতে চান না তৌসিফ। তিনি বলেন, দর্শকদের হতাশ করতে চান না। তাই বড় পর্দায় সঠিক সময়ে ভালো কোনো প্রজেক্ট নিয়ে আসতে চান। সম্প্রতি নিকেতনপাড়া থেকে একটি সিনেমার প্রস্তাব পেয়েছিলেন তিনি। এ নিয়ে কয়েক দিন বৈঠক হলেও শিডিউলজনিত কারণে কাজটি করা সম্ভব হয়নি। সবকিছু চূড়ান্ত হলেই সিনেমার বিষয়ে বিস্তারিত জানাবেন এই অভিনেতা।