বিদেশবাসে আগ্রহী আমলাদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন পাকিস্তান প্রতিরক্ষামন্ত্রীর

দ্য এক্সপ্রেস ট্রিবিউন
কর্মরত অবস্থাতেই পাকিস্তানি আমলাদের একাংশ বিদেশ গমনের পরিকল্পনা করছেন এবং স্থায়ী আবাসন নিশ্চিত করতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করছেন বলে গুরুতর অভিযোগ উঠেছে। জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাদের এমন পদক্ষেপ তাদের রাষ্ট্রীয় দায়িত্ব ও দেশপ্রেমের সততা নিয়ে বড় ধরনের সংশয় তৈরি করেছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেয়া একটি বার্তায় খাজা আসিফ উল্লেখ করেন, পাকিস্তানি আমলাতন্ত্রে অনেক মেধাসম্পন্ন ও সৎ কর্মকর্তা থাকা সত্ত্বেও সাম্প্রতিক সময়ে সরকারি চাকরিজীবীদের একটি বড় অংশ যুক্তরাষ্ট্র, কানাডা, ব্রিটেন এবং ইউরোপের বিভিন্ন দেশে স্থায়ী বসবাসের ঠিকানা গড়ে তুলেছেন।
প্রতিরক্ষামন্ত্রীর দাবি, চাকরিতে বহাল থেকেই অত্যন্ত সুপরিকল্পিতভাবে বিদেশে পাড়ি জমানোর সব প্রস্তুতি সম্পন্ন করেছেন অনেকে। ফলে সরকারি দায়িত্ব পালনে তাদের নিষ্ঠা ও রাষ্ট্রের প্রতি অঙ্গীকার প্রশ্নবিদ্ধ হচ্ছে। আমলাদের দেশ ছাড়ার প্রবণতায় পর্তুগাল অন্যতম শীর্ষ গন্তব্য হয়ে উঠেছে উল্লেখ করে তিনি জানান, বেশ কিছুদিন আগেও সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বিষয়টি তুলে ধরে গভীর উদ্বেগ ব্যক্ত করেছিলেন। খাজা আসিফ আরো উল্লেখ করেন, এই প্রক্রিয়ায় জড়িত আমলাদের অনেকেই গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে অধিষ্ঠিত ছিলেন এবং পর পর একাধিক সরকারের ঘনিষ্ঠ সান্নিধ্য উপভোগ করেছেন।

Advertisement