
নারী ইমার্জিং নেশনস ট্রফিতে আর খেলা হচ্ছে না বাংলাদেশের অধিনায়ক নাহিদা আক্তারের। ডান হাতের তর্জনিতে চোট পেয়ে টুর্নামেন্টের বাকি অংশ থেকে ছিটকে গেছেন এই বাঁহাতি স্পিনার। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সর্বশেষ ম্যাচেও খেলতে পারেননি তিনি।
এই টুর্নামেন্ট দিয়েই টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে নতুন পথচলা শুরু হয়েছিল নাহিদার। তবে প্রথম ম্যাচেই চোটে পড়েন তিনি। পাকিস্তানের বিপক্ষে নিজের প্রথম ওভারের চতুর্থ বলে শাওয়াল জুলফিকারের একটি শট ফলো থ্রুতে আটকাতে গিয়ে ডান হাতের তর্জনিতে আঘাত পান বাংলাদেশ অধিনায়ক।
ম্যাচ শেষে আঙুলে অস্বস্তি অনুভব করেন নাহিদা। সেই চোটের কারণে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামা হয়নি তার। পরবর্তী সময়ে চোটের অবস্থা বিবেচনায় টুর্নামেন্টের বাকি অংশ থেকেও তাকে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত হয়।
নাহিদার অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেন নিয়মিত সহ-অধিনায়ক সোবহানা মোস্তারি। তার নেতৃত্বেই জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচটি ৯ উইকেটে জেতে বাংলাদেশ।
তবে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতে নাহিদার অভাব অনুভব করতে পারে দল। শুধু নেতৃত্ব নয়; নাহিদা ছিলেন দলটির অন্যতম সেরা ভরসাও।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








