এজিএম মো: তোজাম্মেল হক
কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির প্রাগপুর সাব-জোনাল অফিসের এজিএম মো: তোজাম্মেল হক। সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় বৈদ্যুতিক শর্টসার্কিটের কোনো আলামত পাওয়া যায়নি। 

Advertisement

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির প্রাগপুর সাব-জোনাল অফিসের এজিএম মো: তোজাম্মেল হক এই তথ্য নিশ্চিত করেছেন।

পল্লী বিদ্যুৎ সমিতির পর্যবেক্ষণ

অগ্নিকাণ্ডের রাতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা ও আলামত সংগ্রহের বিষয়ে শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে মো: তোজাম্মেল হক বলেন, ‘১১ তারিখ দিবাগত রাত ১২টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমাদের অভিযোগ কেন্দ্র থেকে তাৎক্ষণিকভাবে ওই এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরে আমাদের দুজন লাইনম্যান ঘটনাস্থলে গিয়ে বিদ্যুৎ লাইন নিরাপদ করেন এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবনের ব্যবহৃত মিটার ও বৈদ্যুতিক তার উদ্ধার করেন।’

উদ্ধারকৃত আলামত পরীক্ষার ফলাফল তুলে ধরে তিনি জানান, ‘উদ্ধার করা আলামত পরীক্ষা করে দেখা যায়, মিটারে সংযুক্ত চারটি তার অক্ষত রয়েছে। আগুনে শুধু মিটারের প্লাস্টিকের কভার পুড়েছে। ভেতরের সার্কিটও অক্ষত অবস্থায় পাওয়া গেছে। এছাড়া গ্রাহক প্রান্তের মেইন সুইচের কাটআউটে থাকা ফিউজ, ট্রান্সফরমারের ফিউজ এবং বিদ্যুৎ সংযোগের সার্ভিস ড্রপ তারেও কোনো ক্ষয়ক্ষতি বা বিচ্ছিন্ন হওয়ার চিহ্ন পাওয়া যায়নি।’

শর্টসার্কিটের সম্ভাবনা নাকচ করে দিয়ে তিনি আরো বলেন, ‘শর্টসার্কিট হলে অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহের কারণে ফিউজ কেটে যাওয়ার কথা। কিন্তু উদ্ধার করা আলামতে এমন কোনো লক্ষণ পাওয়া যায়নি। এই বিবেচনায় আমরা বলতে পারি এখানে কোনো শর্টসার্কিট-এর ঘটনা ঘটেনি।’

জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

এর আগে বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের চতুর্থ দিনে পয়েন্ট অব অর্ডারের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সংসদে বলেছিলেন, ‘স্থানীয় ব্যক্তিবর্গ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সবার সাথে আলোচনা এবং আলামত মূল্যায়ন করে প্রাথমিকভাবে পেট্রোল বোমা বিস্ফোরণের মতো কোনো শব্দ বা দেয়ালে পেট্রোল বোমার কোনো চিহ্ন পাওয়া যায়নি। এমনকি কোনো সাক্ষীও পেট্রোল বোমা ব্যবহারের কোনো তথ্য দেননি। ঘটনাস্থলের ছবি, দেয়াল ও অন্যান্য আলামত পর্যালোচনা করে ধারণা করা হচ্ছে, বাড়িটি পুরোনো হওয়ায় এবং ইলেকট্রিক ওয়্যারিং দুর্বল থাকায় বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণেও এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। তবে এটি সম্পূর্ণ তদন্ত সাপেক্ষে নিশ্চিত করা সম্ভব হবে।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরো জানিয়েছিলেন, ‘পরিত্যক্ত বা কম ব্যবহৃত ওই বাড়িতে কেয়ারটেকারের জুতা তৈরির কিছু সরঞ্জাম ও কাপড় ছিল, যা আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দুটি ছাগল মারা গেছে। এ ঘটনায় ইতোমধ্যে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং পুলিশ সে অনুযায়ী তদন্ত চালিয়ে যাচ্ছে। এর পেছনে কেউ নাশকতামূলক কোনো কর্মকাণ্ড চালিয়ে থাকলে অধিকতর তদন্তে তা প্রমাণিত হলে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে।’

এমপি নুসরাত তাবাসসুমের প্রতিক্রিয়া

এই অগ্নিকাণ্ডের পেছনে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ তুলে বিরোধী দলীয় সংসদ সদস্য নুসরাত তাবাসসুম বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করে আমার কাছে মনে হয়েছে, এই ঘটনার সাথে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা রয়েছে। কারণ আওয়ামী লীগের পক্ষ থেকে বিষয়টি স্বীকার করা, উল্লাস প্রকাশ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের প্রচার-প্রচারণা চালানোর মতো কর্মকাণ্ড দেখা যাচ্ছে। আমার বিশ্বাস, এটি তাদেরই কাজ। থানায় মামলা করতে যাওয়ার সময়ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সেখানে উপস্থিত থাকতে দেখেছি। তবে এখন পর্যন্ত এ ঘটনার কোনো দৃশ্যমান ফলাফল আমরা দেখতে পাইনি।’

তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে তিনি আরো বলেন, ‘কোনো ঘটনা বা নাশকতার ক্ষেত্রে প্রথমেই দেখা উচিত, কীভাবে ঘটনাটি ঘটেছে, কারা জড়িত এবং ঘটনাস্থলের পরিস্থিতি কী ছিল। সেখানে মানুষের বসবাস ছিল কি না, বাড়িটি পরিত্যক্ত ছিল কি না, মানুষ, গরু কিংবা ছাগল ছিল কি না, এসব বিষয়ও তদন্ত করা প্রয়োজন। তদন্ত শেষ হওয়ার আগেই কাউকে দায়ী করা কিংবা কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেয়া সভ্য সমাজে গ্রহণযোগ্য নয়। ঘটনাটিকে হালকাভাবে নেয়া বা অন্যভাবে উপস্থাপনের চেষ্টা নিন্দনীয়। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রত্যাশা, তারা বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে দেশবাসীর সামনে প্রকৃত তথ্য তুলে ধরবেন।’

নিরপেক্ষ তদন্তের দাবি জামায়াত ইসলামীর নেতার

ঘটনাটি নিয়ে কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সংসদ সদস্য আব্দুল গফুর বলেন, ‘কীভাবে একটি ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করা যায়, সেটিই এখন দেখা যাচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে দেশবাসীর মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে। তদন্ত শেষ হওয়ার আগেই কোনো সিদ্ধান্ত প্রকাশ করা হলে নিরপেক্ষ তদন্তের পরিবেশ বাধাগ্রস্ত হতে পারে। তদন্তকারী দলের ওপর একধরনের চাপ সৃষ্টি করা হচ্ছে বলে আমাদের মনে হচ্ছে। আমরা চাই, তারা কোনো চাপের কাছে নতি স্বীকার না করে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করবেন এবং প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।’

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে তিনি আরো বলেন, ‘বাড়িতে মানুষের বসবাসের চিহ্ন, প্রয়োজনীয় আসবাবপত্র, রান্নাবান্নার ব্যবস্থা ও শিশুদের ব্যবহার্য সামগ্রী রয়েছে। যেখানে দুটি ছাগল মারা গেছে, সেখানে মানুষের বসবাসের ব্যবস্থাও ছিল। তাহলে একজন দায়িত্বশীল ব্যক্তি কীভাবে এটিকে পরিত্যক্ত বাড়ি হিসেবে উপস্থাপন করেন? একজন সংসদ সদস্যের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে সাধারণ মানুষের নিরাপত্তা কীভাবে নিশ্চিত হবে? শুধু আশ্বাস দিয়ে পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয়। সরকারকে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ নিতে হবে।’

পুলিশের বক্তব্য

বর্তমান তদন্ত পরিস্থিতি সম্পর্কে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ বলেন, ‘বিশেষজ্ঞের মতামত ছাড়া কোনো বিষয় নিশ্চিতভাবে বলতে চাই না। আগুন লাগার ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। বিশেষজ্ঞের মতামত ও ফরেনসিক প্রতিবেদন ছাড়া আগুনের প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত কোনো মন্তব্য করা সম্ভব নয়। প্রাথমিকভাবে দুটি সম্ভাবনা রয়েছে। বাড়ির ভেতর থেকে আগুনের সূত্রপাত হতে পারে, আবার বাইরে থেকেও কেউ আগুন লাগিয়ে থাকতে পারে। কোনটি প্রকৃত ঘটনা, তা বিশেষজ্ঞের মতামত ও ফরেনসিক প্রতিবেদন পাওয়ার পরই নিশ্চিত হওয়া যাবে।’