
প্রথমবারের মতো আয়োজিত জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় একাদশ টুর্নামেন্টের শিরোপা জিতেছে ঢাকা।
শুক্রবার (১৩ নভেম্বর) পূর্বাচল ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে ফাইনালে খুলনাকে ইনিংস ও ৩৫ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে দলটি।
ঢাকার শিরোপা জয়ে ব্যাট হাতে অধিনায়ক আহরার আমিনের ১৫৯ রানের ইনিংসের পাশাপাশি বল হাতে বড় অবদান রেখেছেন বাঁহাতি স্পিনার ইয়াসিন হোসেন। দুই ইনিংসে ৮ উইকেট নিয়ে খুলনার পরাজয় ত্বরান্বিত করেন তিনি।
তিন দিনের ফাইনালে প্রথম ইনিংসে খুলনাকে মাত্র ১৩৭ রানে গুটিয়ে দেয় ঢাকা। বাঁহাতি স্পিনার ইয়াসিন ৪৭ রান দিয়ে নেন ৫ উইকেট। জবাবে ব্যাট করতে নেমে বড় সংগ্রহ গড়তে সামনে থেকে নেতৃত্ব দেন অধিনায়ক আহরার।
তার দুর্দান্ত সেঞ্চুরিতে ৮ উইকেটে ৩২৪ রান তুলে ইনিংস ঘোষণা করে ঢাকা। ১৪৮ বলে ১৫৯ রানের ইনিংসটি সাজান ১০টি চার ও ৯টি ছক্কায়। প্রথম ইনিংসে ১৮৭ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে খুলনাকে ব্যাট করতে পাঠায় ঢাকা।
ম্যাচ বাঁচানোর চ্যালেঞ্জে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে খুলনা। আহরার ও ইয়াসিনের স্পিন আক্রমণে মাত্র ৫৬ রানেই ৭ উইকেট হারায় দলটি। সেখান থেকে পাল্টা আক্রমণে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন জাওয়াদ রোয়েন।
৯ নম্বরে ব্যাট করতে নেমে ৮৫ বলে ৭৬ রানের লড়াকু ইনিংস খেলেন তিনি। তবে তার চেষ্টা পরাজয় এড়ানোর জন্য যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত ১৫২ রানে অলআউট হয় খুলনা। দ্বিতীয় ইনিংসে ইয়াসিন, আহরার ও সিয়াম তিনটি করে উইকেট নেন।
চার বলের ব্যবধানে শেষ দুই উইকেট তুলে নিয়ে ঢাকার জয় নিশ্চিত করেন আশরাফুল ইসলাম। ফাইনালে ব্যাট হাতে ১৫৯ রানের ইনিংসের পাশাপাশি বল হাতেও অবদান রেখে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন আহরার আমিন।
শিরোপা জিতে তিন লাখ টাকা অর্থ পুরস্কার পেয়েছে ঢাকা। রানার্সআপ খুলনার প্রাপ্তি দেড় লাখ টাকা।
লিগপর্বেও ধারাবাহিক পারফরম্যান্স ছিল ঢাকার। সাত ম্যাচে চার জয় ও দুই ড্রয়ে শীর্ষে থেকে ফাইনালে ওঠে তারা। অন্যদিকে সাত ম্যাচে অপরাজিত থাকলেও দুই জয় ও পাঁচ ড্রয়ে দ্বিতীয় হয়েছিল খুলনা।
তবে ফাইনালে ঢাকার দাপটের সামনে প্রতিরোধই গড়তে পারেনি দলটি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








