
এএফপি
মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান আঞ্চলিক অস্থিরতা কমানো, দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়ন এবং রাশিয়া-ইরান কৌশলগত অংশীদারত্ব শক্তিশালী করার উদ্দেশ্যে তেহরান সফরে গেলেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। সেখানে তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সাথে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। ইউক্রেন সঙ্কট ও মধ্যপ্রাচ্যে টানাপড়েনের চলমান প্রেক্ষাপটে এই কূটনৈতিক সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকেরা। রুশ বার্তা সংস্থা আরআইএ নভোস্তির তথ্যানুযায়ী, সফরকালে উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রী আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতির একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তৃত আলোচনা করবেন। আলোচনায় প্রাধান্য পাবে ইরান পরিস্থিতি এবং চলমান উত্তেজনা প্রশমনে মস্কোর কূটনৈতিক উদ্যোগ।
আঞ্চলিক স্থিতিশীলতার পাশাপাশি মস্কো ও তেহরানের মধ্যকার সামগ্রিক কৌশলগত সমন্বয় জোরদারের বিষয়টিও অ্যাজেন্ডায় রয়েছে। সম্প্রতি দুই দেশের শীর্ষ ও উচ্চপর্যায়ের বৈঠকের মাধ্যমে যেসব চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে, সেগুলোর বাস্তবায়নের অগ্রগতি খতিয়ে দেখবেন ল্যাভরভ ও আরাকচি। ভবিষ্যতে দ্বিপক্ষীয় সহযোগিতা কিভাবে আরো বেগবান করা যায়, তা নিয়েও তারা অঙ্গীকার ব্যক্ত করবেন। এর আগে গত পরশু বাহরাইনের মানামায় অনুষ্ঠিত রাশিয়া-জিসিসি (গালফ কো-অপারেশন কাউন্সিল) স্ট্র্যাটেজিক ডায়ালগের নবম যৌথ সংবাদ সম্মেলনে ল্যাভরভ ইরান বিষয়ে মার্কিন নীতির কড়া সমালোচনা করেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ইরান নেতৃত্বকে লক্ষ্য করে দেয়া সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ওয়াশিংটনের এই দৃষ্টিভঙ্গি শান্তি প্রক্রিয়ায় কোনো ইতিবাচক ভূমিকা রাখবে না। আন্তর্জাতিক আইন ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে কূটনৈতিক সমাধানের নীতিকে যুক্তরাষ্ট্র উপেক্ষা করছে বলেও তিনি মন্তব্য করেন।
ল্যাভরভ জোর দিয়ে বলেন, মার্কিন এই নীতি এমন কোনো পথ নয় যা এ অঞ্চলকে টেকসই চুক্তির দিকে নিয়ে যেতে পারে; যেমনটা বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল লতিফ বিন রশিদ আল জাইয়ানি উল্লেখ করেছেন- অর্থাৎ যেসব চুক্তি পারস্পরিক সম্মান এবং আন্তর্জাতিক আইনের ভিত্তিতে প্রতিষ্ঠিত। সংবাদ সম্মেলনে মধ্যপ্রাচ্যের অন্যান্য সঙ্কট প্রসঙ্গে রাশিয়ার অবস্থান স্পষ্ট করেন ল্যাভরভ। এ সময় ইয়েমেনের চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক সঙ্কটের টেকসই সমাধানে রাশিয়া ও উপসাগরীয় দেশগুলোর কূটনৈতিক অবস্থানের কথা উল্লেখ করেন তিনি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








