হাসিবের ওপর হামলা ও নুসরাতের বাড়িতে পেট্রলবোমার ঘটনায় মুসলিম লীগের নিন্দা

 

Advertisement

জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসিব আল ইসলামের ওপর সশস্ত্র হামলা এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির কুষ্টিয়ার দৌলতপুরের পৈতৃক বাড়িতে মধ্যরাতে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি অধ্যক্ষ জুবেইদা কাদের চৌধুরী, স্থায়ী কমিটির অন্যতম সদস্য মোহাম্মদ আনোয়ার হোসেন আবুড়ী এবং দলের মুখপাত্র জহির উদ্দিন মোহাম্মদ বাবর।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, একজন জুলাই সমন্বয়কের ওপর চাপাতি নিয়ে সশস্ত্র হামলা এবং একজন নারী সংসদ সদস্যের বাড়িতে মধ্যরাতে পেট্রলবোমা নিক্ষেপ অত্যন্ত উদ্বেগজনক ও ন্যক্কারজনক। এ ধরনের হামলা শুধু ব্যক্তির জীবন নয়, তার পরিবারের সদস্যদেরও চরম ঝুঁকির মুখে ফেলে। তারা বলেন, জুলাই আন্দোলনে যারা ফ্যাসিবাদবিরোধী সংগ্রামে অংশ নিয়েছিলেন, তাদেরই যদি এখন হত্যাচেষ্টা ও প্রাণনাশের আশঙ্কায় থাকতে হয়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? এসব ঘটনার বিচারহীনতা অপরাধীদের আরো বেপরোয়া করে তুলবে। তাই দল-মত নির্বিশেষে সবাইকে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। বিবৃতিতে উভয় ঘটনার নিরপেক্ষ ও দ্রুত তদন্ত, জড়িতদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়। পাশাপাশি জুলাই আন্দোলনের নেতাকর্মী ও তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপ কামনা করেন নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি।