
বিবিসি
আলবেনিয়ার রাজধানী তিরানায় টানা পঞ্চম দিনের মতো সরকারবিরোধী আন্দোলনে পুলিশের সাথে বিক্ষোভকারীদের দফায় দফায় সঙ্ঘাত ঘটেছে। শনিবার শহরের কেন্দ্রস্থলে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ও জলকামান ব্যবহার করে দাঙ্গা পুলিশ। এমনকি উদ্ভূত পরিস্থিতি সামলাতে প্রথমবারের মতো রাবার বুলেট ছোড়ার তথ্যও জানা গেছে। মুখোশধারী বিক্ষোভকারীদের একটি বড় অংশই উচ্চমাধ্যমিক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। শিক্ষা মন্ত্রণালয় ভবন পাহারায় থাকা পুলিশকে লক্ষ্য করে তারা ইট-পাটকেল ও পেট্রলবোমা নিক্ষেপ করেন। জবাবে পুলিশ কয়েক দফায় জলকামান ও টিয়ার গ্যাস ছুড়লে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যান।
চলতি গ্রীষ্মের শুরুর দিকে এই অসন্তোষের সূত্রপাত হলেও সময়ের সাথে তা সরকার পতনের গণ-আন্দোলনে রূপ নেয়। সরকারের শীর্ষপর্যায়ের দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ তুলে প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগের দাবিতে সোচ্চার হয়ে উঠেছেন আন্দোলনকারীরা। তরুণ বিক্ষোভকারীদের অনেকেই জানান, ফ্রান্সে চলমান গণ-বিক্ষোভের ঘটনা থেকেই অনুপ্রেরণা পেয়ে তারা রাজপথে নেমেছেন। এই সঙ্ঘাতের জেরে উভয় পক্ষের একাধিক ব্যক্তি আহত হয়েছেন। আইনশৃঙ্খলা বিঘিœত করার অপরাধে ইতোমধ্যে ৮০ জনের বিরুদ্ধে মামলা ঠুকে দেয়া হয়েছে। পাশাপাশি শত শত মানুষকে আটক করা হয়েছে এবং অনেকের বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া চলছে। সংঘর্ষের ফলে তিরানার প্রাণকেন্দ্র কার্যত যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। সড়কের চার দিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ভাঙা কাচ ও পোড়া ধ্বংসাবশেষ।
আলবেনিয়ায় সমাজতান্ত্রিক দলের প্রধান এদি রামা টানা ১৩ বছর ধরে রাষ্ট্রক্ষমতায় আসীন এবং একচ্ছত্র প্রভাব বজায় রেখেছেন। অন্য দিকে তার প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ বিরোধী ডেমোক্র্যাটিক পার্টির প্রধান সালি বেরিশাও কয়েক দশক ধরে দেশটির রাজনীতিতে প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। এই চরম রাজনৈতিক অস্থিরতা ইউরোপের সার্বিক প্রেক্ষাপটে এক বিপরীতমুখী পরিস্থিতির সৃষ্টি করেছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








