সংক্ষিপ্ত সংবাদ


কমলনগরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার আলোর ভুবন স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান ও অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়েছে। গতকাল সোমবার উপজেলা সদর হাজিরহাটে প্রতিষ্ঠানটির প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোর ভুবন স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান হাওলাদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: টিপু সুলতান। অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে আরো ভালো ফলাফল অর্জনের পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে নিজেদের মেধা ও দক্ষতা কাজে লাগানোর আহ্বান জানান। এ সময় সুশিক্ষা অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে অভিভাবকদের করণীয় নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেয়া হয়। পরে আলোর ভুবন স্কুল অ্যান্ড কলেজ ফাউন্ডেশন মেধা বৃত্তি পরীা এবং আলোর ভুবন স্কুল অ্যান্ড কলেজের অভ্যন্তরীণ বিভিন্ন পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী ১৩৩ জন মেধাবী শিক্ষার্থীর হাতে সনদ, ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেয়া হয়। কমলনগর (লক্ষ্মীপুর) সংবাদদাতা। 

Advertisement

সংখ্যালঘু বলে কিছু নেই : প্রতিমন্ত্রী 
শারদীয় দুর্গাপূজা নির্বিঘেœ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিএনপির নেতাকর্মীরা সনাতন ধর্মাবলম্বীদের পাশে রয়েছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর। তিনি বলেন, বাংলাদেশে সংখ্যালঘু বলতে কোনো শব্দ নেই। গতকাল সোমবার কাউখালী উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্গাপূজা উপলক্ষে আর্থিক অনুদান ও উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী আরো জানান, স্বাধীনতার পর এবারই দুর্গাপূজায় সবচেয়ে বেশি আর্থিক অনুদান দেয়া হয়েছে। অনুষ্ঠানে উপজেলার ২৫টি পূজামণ্ডপের প্রতিটিতে চার হাজার টাকা করে নগদ অর্থসহায়তা দেয়া হয়। পাশাপাশি স্থানীয় অসহায় ও দুস্থ মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় নেতারা বক্তব্য দেন। কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা। 

রায়পুরে গাঁজাগাছসহ ব্যবসায়ী গ্রেফতার 
লক্ষ্মীপুরের রায়পুরে একটি দোকানের পেছন থেকে গাঁজাগাছ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দোকান মালিক ব্যবসায়ী জাহিদ হোসেন জহিরকে গ্রেফতার করা হয়েছে। গত শনিবার বিকেলে উপজেলার মিতালী বাজারে জহির এন্টারপ্রাইজের পেছনে অভিযান চালিয়ে গাছটি উদ্ধার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে রায়পুর থানার উপপরিদর্শক মহিউদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান চালায়। গ্রেফতার জাহিদ হোসেন জহির উপজেলার ১০ নম্বর ইউনিয়নের কাজীর চর এলাকার মৃত শহিদ উল্লাহর ছেলে। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে পুলিশ গাঁজাগাছটি উদ্ধার করে। এ ঘটনায় জাহিদ হোসেন জহিরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেফতার করা হয়েছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা। 

নবীনগরে সাংবাদিকের বাড়িতে চুরি 
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর সদরে অবস্থিত নবীনগর প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি তাজুল ইসলাম চৌধুরীর বাড়িতে গত রোববার সন্ধ্যায় এক চুরির ঘটনা ঘটেছে। এ সময় স্বর্ণালঙ্কারসহ প্রায় সাত লাখ টাকার মালামাল চুরি হয়েছে। পূজার ছুটিতে পরিবারের সদস্যরা ঢাকায় অবস্থান করার সুযোগে চোরের দল সীমানা প্রাচীর টপকে রান্নাঘরের দরজা ভেঙে চারটি করে আসবাবপত্র ও জিনিসপত্র তছনছ করে। নিরাপত্তার ব্যবস্থা থাকা সত্ত্বেও এই চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জড়িতদের দ্রুত শনাক্ত করে মালামাল উদ্ধারের দাবি জানিয়েছেন। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশেদুল আলম চৌধুরী জানান, চুরি ঘটনাটি অত্যন্ত গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং পুলিশি তদন্ত চলছে। নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা। 

দিনাজপুরে মা ও দুই সন্তান নিহত 
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় দুই শিশুসন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যার ঘটনা ঘটেছে। গত রোববার সন্ধ্যায় উপজেলার মোস্তফাপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন গৃহবধূ স্বর্ণা আক্তার, তার চার বছর বয়সী ছেলে সাফায়েত ও এক বছর বয়সী মেয়ে রাইফা মনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই শিশুসন্তানকে শ্বাসরোধে হত্যার পর মা স্বর্ণা আক্তার গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। ঘরের দেয়ালে ‘এই গল্প শেষ’ লেখা একটি নোট পাওয়া গেছে। চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুন নবী জানান, পুলিশ ঘটনাস্থল থেকে লাশগুলো উদ্ধার করেছে এবং নিহতের স্বামী শাকিল হোসেনকে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দিনাজপুর প্রতিনিধি। 

ভ্যানচালকের মস্তকবিহীন লাশ উদ্ধার 
চুয়াডাঙ্গার জীবননগরে নিখোঁজের পাঁচ দিন পর চাঁন্দ আলী নামের এক ভ্যানচালকের মস্তকবিহীন পচাগলা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে উপজেলার শাহাপুর পুলিশ ক্যাম্পের অদূরে সবদালপুর সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে নিহতের ব্যাটারিচালিত ভ্যানটির সন্ধান মেলেনি। ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার ভাড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে তিনি আর ফেরেননি। এরপর পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে হাসাদহ বাজারের সিসিটিভি ফুটেজে চাঁন্দ আলীকে একজন যাত্রী নিয়ে বাজার থেকে বের হতে দেখা যায়। এ ঘটনায় পরিবারের থানায় লিখিতভাবে জানানো হয়। পাঁচ দিন পর সবদালপুর সড়কের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। জীবননগর থানার ওসি সোলাইমান শেখ জানান, লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।  জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা। 

আলমডাঙ্গায় নদী থেকে লাশ উদ্ধার 
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাথাভাঙ্গা নদীতে গোসল করতে নেমে শিমুল হোসেন নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার দুপুরে নিখোঁজ হওয়ার প্রায় সাত ঘণ্টা পর স্থানীয়দের সহায়তায় নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত শিমুল আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর গ্রামের কলিম উদ্দিন গাইনের একমাত্র ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, শিমুল বেলা ১টার দিকে বাড়ির পাশে মাথাভাঙ্গা নদীতে গোসল করতে যান। দীর্ঘ সময় পেরিয়ে বাড়ি না ফেরায় স্বজন ও স্থানীয় বাসিন্দারা নদীতে তল্লাশি শুরু করেন। রাতে নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। শিমুল দীর্ঘদিন ধরে মৃগীরোগে আক্রান্ত ছিলেন। রাতেই নামাজে জানাজা শেষে তার দাফন শেষ হয়েছে। একমাত্র ছেলেকে হারিয়ে পরিবারে চলছে শোকের মাতম। চুয়াডাঙ্গা প্রতিনিধি। 

বুড়িচংয়ে গৃহবধূকে হত্যার অভিযোগ 
কুমিল্লার বুড়িচংয়ে পারিবারিক কলহের জেরে সোমাইয়া ইসলাম রুমি নামের এক গৃহবধূকে নির্যাতন ও পেটে লাথি মেরে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে। গত রোববার রাতে উপজেলার বাকশীমুল ইউনিয়নের শ্রীমন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের স্বামী মো: বায়েজিদকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। নিহতের পরিবারের দাবি, প্রায় চার বছর আগে তাদের বিয়ে হয় এবং তাদের একটি কন্যাসন্তান রয়েছে। পুলিশের উপপরিদর্শক জিয়া জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা।