
নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা
চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান বলেছেন, মাদক, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে যুবসমাজকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। ইনসাফভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠায় তরুণদের অন্যায় ও অপরাধের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে হবে। গত রোববার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের মল্লিকপুর বাজার, পাহাড়পুর বাজার, শানপুরসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভায় তিনি এ কথা বলেন। গণসংযোগকালে সংসদ সদস্য স্থানীয় বাসিন্দাদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও উন্নয়ন প্রত্যাশার কথা শোনেন। তিনি পর্যায়ক্রমে সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন। এ সময় মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
কর্মসূচিতে উপজেলা জামায়াতের আমির প্রভাষক ইয়াকুব আলী, ফতেপুর ইউনিয়ন জামায়াতের নায়েবে আমির আলহাজ মনিরুল ইসলাম, মাওলানা রইসুদ্দিনসহ স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








