দুর্গাপূজায় ব্রাহ্মণবাড়িয়ায় ৩০০ এসআরবি সদস্য মোতায়েন, ড্রোনে নজরদারি

 ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার ৬২৫টি পূজামণ্ডপের নিরাপত্তায় ৩০০ জনের বেশি স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্য মোতায়েন রয়েছেন। নিরাপত্তা নিশ্চিত করতে ড্রোন, সিসিটিভি ক্যামেরা, গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহল জোরদার করা হয়েছে। 
গতকাল সোমবার সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়া শহরের কালীবাড়ির শ্রী শ্রী জয়কালী মাতা মন্দিরের নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান এসআরবি-৯-এর অধিনায়ক উইং কমান্ডার তাজমিনুর রহমান।
তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়াসহ দায়িত্বপূর্ণ এলাকায় পূজামণ্ডপের নিরাপত্তায় ১৩ থেকে ২২ অক্টোবর পর্যন্ত বিশেষ পরিকল্পনা নেয়া হয়েছে। গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় প্রতিদিন প্রায় ১৪টি পিকআপ ও ১০টি মোটরসাইকেল টহল দল দায়িত্ব পালন করছে। পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি ও স্ট্রাইকিং ফোর্স প্রস্তুত রাখা হয়েছে।
তিনি আরো বলেন, বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতিতে কোনো হুমকি নেই। তবে নাশকতা বা সন্দেহজনক তৎপরতা মোকাবেলায় বম্ব ডিসপোজাল ইউনিট প্রস্তুত রয়েছে। গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল মণ্ডপে ড্রোনের মাধ্যমে নজরদারি এবং সিসিটিভি ক্যামেরার কার্যকারিতা পর্যবেক্ষণ করা হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, উসকানি ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা ঠেকাতে সাইবার মনিটরিং টিম কাজ করছে। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
প্রেস ব্রিফিংয়ে এসআরবি-৯-এর সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার কোম্পানি কমান্ডার মো: নূরনবী ও স্কোয়াড কমান্ডার শেখ মাহফুজুর রহমানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Advertisement