
নাটোর প্রতিনিধি
নাটোর সদর হাসপাতালে রিকশায় করে আকস্মিক পরিদর্শন করেছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। গতকাল রোববার সকালে কোনো ধরনের প্রটোকল ছাড়াই হাসপাতালে যান তিনি।
সকাল সাড়ে ৮টা থেকে ৯টা পর্যন্ত হাসপাতালে অবস্থান করে চিকিৎসক ও নার্সদের উপস্থিতি এবং চিকিৎসাসেবা পর্যবেক্ষণ করেন হুইপ দুলু। এ সময় নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত না হওয়া চিকিৎসক ও নার্সদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন তিনি।
পরিদর্শনকালে হুইপ বলেন, সরকারি সুযোগ-সুবিধা নিয়ে নির্ধারিত সময়ে কর্মস্থলে না এলে কোনো অবহেলা সহ্য করা হবে না। তিনি উল্লেখ করেন, ১০০ শয্যার অনুমোদিত নাটোর সদর হাসপাতালে বর্তমানে প্রায় ৯০০ রোগী চিকিৎসা নিচ্ছেন, অথচ খাবার সরবরাহ করা হচ্ছে মাত্র ১০০ জনের জন্য। ১০০ জনের জনবল দিয়ে ৯০০ রোগীর সঠিক চিকিৎসা দেয়া অসম্ভব উল্লেখ করে দ্রুত জনবল সঙ্কট সমাধান ও পরিচ্ছন্নতা নিশ্চিতের নির্দেশ দেন তিনি।
এ বিষয়ে নাটোরের সিভিল সার্জন ডা. মশিউর রহমান জানান, সময়মতো কর্মস্থলে উপস্থিত থাকার বিষয়ে সবাইকে সতর্ক করা হয়েছে এবং জনবল সঙ্কট নিরসনে দ্রুত পদক্ষেপ নেয়া হচ্ছে। পরিদর্শনকালে হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মাহবুবুর রহমানসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








