মুসলিম ছাত্র ফেডারেশনের আংশিক কমিটি ঘোষণা: সভাপতি খায়ারুল, সম্পাদক সোহান

নিজস্ব প্রতিবেদক
মুসলিম ছাত্র ফেডারেশনের ২১তম দ্বিবার্ষিক সম্মেলনে মো: খায়ারুল ইসলামকে সভাপতি, সোহান মাহমুদকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার সংগঠনের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সম্মেলনে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 
সম্মেলনে ছাত্রনেতারা ঘোষণা দেন, কোনো অশুভ শক্তির কাছে নিজেদের ঈমানী, নৈতিক ও সাংস্কৃতিক পরিচয় বিসর্জন দেয়া হবে না। তাদের স্পষ্ট বার্তা- ‘শির দেব, তবু মর্যাদার প্রতীক টুপি দেব না।’ বিদেশী সাংস্কৃতিক আগ্রাসন এবং আধিপত্যবাদী শক্তির চোখে চোখ রেখে নিজেদের স্বকীয়তা ও অধিকার রক্ষার লড়াইয়ের হুঙ্কার হাজারো ছাত্র-জনতার হৃদয়ে নতুন প্রেরণা জুগিয়েছে। বক্তারা বলেন, মুসলিম ছাত্র ফেডারেশন কেবল একটি ঐতিহ্যবাহী ছাত্র সংগঠনই নয়, বরং তা শিক্ষা ও সততার আলো ছড়িয়ে সমাজ থেকে অন্যায় ও বৈষম্য দূর করার এক অপ্রতিরোধ্য আন্দোলন। যুগে যুগে বিজাতীয় সংস্কৃতির থাবা যখনই তরুণদের নীতি-নৈতিকতা ধ্বংস করতে চেয়েছে, তখনই এই সংগঠন প্রতিবাদের মশাল জ্বালিয়ে রুখে দাঁড়িয়েছে। আংশিক কমিটিতে মোহাম্মদ মোখলেছুর রহমান মুখপাত্র, মুসতারি হক সিনিয়র সহসভাপতি, মুসা আলভীকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও এইচ এম জামিরুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

Advertisement