আইসিসির স্বীকৃতি পেল এনপিএল

 ক্রীড়া প্রতিবেদক
আন্তর্জাতিক ক্রিকেটে গুরুত্বপূর্ণ স্বীকৃতি পেল নেপাল প্রিমিয়ার লিগ (এনপিএল)। আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে আইসিসি। এর ফলে এনপিএলের ম্যাচগুলো স্বীকৃত টি-২০ ম্যাচ হিসেবে গণ্য হবে। এবারের আসরে বাংলাদেশেরও বেশ কয়েকজন ক্রিকেটারের অংশ নেয়ার কথা রয়েছে। আগামী ২৬ অক্টোবর শুরু হবে এনপিএলের এবারের আসর, যা চলবে ২১ নভেম্বর পর্যন্ত।
গত ১৬ অক্টোবর আইসিসির অনুমোদনের বিষয়টি নিশ্চিত করে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল (সিএএন)। সংস্থাটির সচিব পারস খাড়কা স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। নেপালের ক্রিকেটের বিকাশ ও আন্তর্জাতিক পরিসরে এর বিস্তারে এই স্বীকৃতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে দেশটির ক্রিকেট বোর্ড।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন লুম্বিনি লায়ন্স ও সুদূরপশ্চিম রয়্যালস। টুর্নামেন্টের সব ম্যাচ অনুষ্ঠিত হবে কীর্তিপুরের ত্রিভুবন ইউনিভার্সিটি আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ডে। লিগ পর্বের খেলা শেষে ১৭ নভেম্বর শুরু হবে প্লে-অফ। ২১ নভেম্বর ফাইনাল। এবারের আসরে বিদেশী বেশ কয়েকজন তারকা ক্রিকেটারও অংশ নেবেন। আইসিসির স্বীকৃতি পাওয়ায় ভবিষ্যতে আন্তর্জাতিক ক্রিকেটারদের কাছে লিগটির আকর্ষণ আরো বাড়তে পারে।

Advertisement