বিদেশী কোচের আইফোন ক্রেডিট কার্ড চুরি

ক্রীড়া প্রতিবেদক
আজ থেকে পল্টনের ক্যাপ্টেন এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে শুরু হচ্ছে চার দেশের অংশগ্রহণে আন্তর্জাতিক নারী হ্যান্ডবল টুর্নামেন্ট। তার আগে প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন ও জাতীয় দলের খেলোয়াড়রা। মাঠ প্রস্তুত, খেলোয়াড়দের অনুশীলন চলছে, বিদেশী অতিথিদের নিয়ে আয়োজনের শেষ মুহূর্তের ব্যস্ততা। এর মধ্যেই জাতীয় নারী হ্যান্ডবল দলের প্রধান কোচসহ দুই কোচের দু’টি আইফোন চুরি হয়েছে স্টেডিয়ামের ভেতর থেকে। বিদেশী কোচের ফোনের সাথে হারিয়েছে তার ক্রেডিট কার্ডও। টুর্নামেন্ট শুরুর আগেই যা অস্বস্তিতে ফেলেছে আয়োজকদের!
গতকাল দুপুরে জাতীয় নারী হ্যান্ডবল দলের অনুশীলন চলছিল সেখানে। বেলা ২টায় খেলোয়াড়দের নিয়ে অনুশীলন শুরু করেন প্রধান কোচ আনা আলোনসো ও সহকারী কোচ ডালিয়া আক্তার। কোচিংয়ের ব্যস্ততায় দু’জনের মোবাইল ফোন রাখা ছিল কোর্টের পাশের একটি টেবিলে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেই টেবিল থেকে উধাও হয়ে যায় ফোন দু’টি।
ঘটনাটি প্রথম টের পান সহকারী কোচ ডালিয়া আক্তার। বেলা পৌনে ৩টার দিকে নিজের ফোন খুঁজতে গিয়ে সেটি আর পাননি। পরে দেখা যায়, পাশাপাশি রাখা বিদেশী কোচ আনা আলোনসোর ফোনটিও নেই। হারিয়ে যাওয়া ফোনে কল দিয়েও কোনো সাড়া মেলেনি। ফোন দু’টি বন্ধ পাওয়া যায়।
ডালিয়ার ব্যবহৃত ফোনটি আইফোন ১৭ প্রো ম্যাক্স। অন্য দিকে আনা আলোনসোর ফোনের সাথে তার ক্রেডিট কার্ডও হারিয়ে যাওয়ায় বিষয়টি আরো উদ্বেগের হয়ে উঠেছে। শুধু দু’টি দামি মোবাইল ফোন হারানো নয়, বিদেশী কোচের আর্থিক নিরাপত্তার বিষয়টিও এখন সামনে এসেছে।
ঘটনার পর ফোন উদ্ধারে তৎপর হয়েছেন হ্যান্ডবল ফেডারেশনের কর্মকর্তারা। স্টেডিয়ামের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে কে বা কারা ফোন দু’টি নিয়ে গেছে, তা শনাক্তের চেষ্টা চলছে। তবে এখন পর্যন্ত ফোন উদ্ধারের বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এই স্টেডিয়ামে আজ শুরু হওয়ার কথা বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি। চার দেশের অংশগ্রহণে আন্তর্জাতিক এই প্রতিযোগিতা আয়োজনের প্রস্তুতি নিয়ে ব্যস্ত ফেডারেশন। এমন একটি আসর শুরুর ঠিক আগের দিন স্টেডিয়ামের ভেতর থেকে বিদেশী কোচসহ দুই কোচের ফোন চুরির ঘটনায় আয়োজকদের বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে। আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজনের ক্ষেত্রে মাঠের প্রস্তুতি, খেলোয়াড়দের নিরাপত্তা কিংবা অতিথিদের আতিথেয়তার পাশাপাশি সামগ্রিক নিরাপত্তাব্যবস্থাও গুরুত্বপূর্ণ। সেখানে অনুশীলন চলাকালে কোর্টের পাশ থেকে দু’টি ফোন উধাও হওয়ার ঘটনা স্বাভাবিকভাবেই প্রশ্ন তৈরি করেছে।
বিশেষ করে বিদেশী কোচের ফোনের সাথে ক্রেডিট কার্ড হারিয়ে যাওয়ায় ঘটনাটি নিছক মোবাইল চুরির মধ্যে সীমাবদ্ধ থাকছে না। আন্তর্জাতিক আসরে অংশ নিতে আসা বিদেশী কোচ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করাও আয়োজকদের দায়িত্বের অংশ। টুর্নামেন্টের আগে এমন ঘটনায় হ্যান্ডবল অঙ্গনে তৈরি হয়েছে চাপা উত্তেজনা। এখন ফেডারেশনের কর্মকর্তাদের প্রধান লক্ষ্য হারিয়ে যাওয়া ফোন উদ্ধার এবং ঘটনার সাথে জড়িত ব্যক্তিকে শনাক্ত করা। তবে এই ঘটনা আন্তর্জাতিক আয়োজনের আগে স্টেডিয়ামের নিরাপত্তাব্যবস্থা নিয়ে নতুন করে ভাবার প্রয়োজনীয়তাও সামনে নিয়ে এসেছে!
হ্যান্ডবল ফেডারেশনের সেক্রেটারি সালাউদ্দিন আহাম্মেদ জানান, ‘এ বিষয়ে আমরা পল্টন থানায় জিডি করেছি। সিসি ক্যামেরার ফুটেজ দেখে খোয়া যাওয়া ফোন ও ক্রেডিট কার্ড শনাক্তের কার্যক্রম চলমান।’
সূচি অনুযায়ী, আজ বেলা ২টায় নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশ। ১৯ অক্টোবর বিকেল সাড়ে ৪টায় ভারতের মুখোমুখি হবে স্বাগতিকেরা। ২০ অক্টোবর একই সময়ে লিগ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ মালদ্বীপ। এরপর ২১ অক্টোবর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ এবং ২২ অক্টোবর ফাইনাল অনুষ্ঠিত হবে। 

Advertisement