আগামী, মাস, পাকিস্তান, ইসলামাবাদ,কেনাকাটা, নগদ, লেনদেন,
গোধুলিতে ইসলামাবাদ। সংগৃহীত

চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে পাকিস্তানের প্রথম পুরোপুরি নগদ লেনদেনহীন শহর হয়ে উঠবে রাজধানী ইসলামাবাদ। ৩০ নভেম্বরের পর ইসলামাবাদ ক্যাপিটাল টেরিটরি (আইসিটি) ও ক্যাপিটাল ডেভেলপমেন্ট অথরিটির (সিডিএ) সব দফতরে নগদ টাকায় লেনদেন বন্ধ হয়ে যাবে।

Advertisement

পাকিস্তানের ইংরেজি দৈনিক দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানায়, শুক্রবার ‘ক্যাশলেস ইসলামাবাদ’ উদ্যোগ নিয়ে আয়োজিত এক বৈঠকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তালাল চৌধুরীর সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে তালাল চৌধুরী বলেন, ৩১ ডিসেম্বরের মধ্যে ইসলামাবাদের সব ব্যবসায়ীকে ডিজিটাল লেনদেন ব্যবস্থার আওতায় আনার লক্ষ্য নিয়েছে সরকার। ইতোমধ্যে রাজধানীর ২৬ হাজার ব্যবসায়ীকে এই ব্যবস্থার সাথে যুক্ত করা হয়েছে।

তিনি জানান, রাস্তার পাশের ছোট দোকান ও ভ্রাম্যমাণ বিক্রেতা থেকে শুরু করে বড় বাণিজ্যিক কেন্দ্র পর্যন্ত সবার জন্য  ডিজিটাল পেমেন্টের ব্যবস্থা চালু করা হবে। নগদহীন লেনদেন ব্যবস্থা চালু হলে আর্থিক স্বচ্ছতা বাড়বে, কর আদায় পর্যবেক্ষণ সহজ হবে এবং লেনদেন ব্যবস্থায় শৃঙ্খলা আসবে।

এই উদ্যোগ সফল করতে সংশ্লিষ্ট সব পক্ষের সাথে আলোচনা জরুরি বলে মন্তব্য করেন চৌধুরী। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভির বিশেষ নির্দেশনায় দ্রুতগতিতে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে বলেও জানান তিনি।

চৌধুরী বলেন, ইসলামাবাদকে পাকিস্তানের প্রথম নগদহীন শহর এবং বিশ্বের প্রথম নগদহীন রাজধানীতে পরিণত করার বিষয়ে প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি।

ইসলামাবাদকে আধুনিক ডিজিটাল শহরে রূপান্তর করতে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান একযোগে কাজ করবে। ব্যাংক খাতের প্রতিনিধিরাও সরকারের এই উদ্যোগের প্রশংসা করেছেন। তারা প্রকল্প বাস্তবায়নে পূর্ণ সহযোগিতার আশ্বাসও দিয়েছেন বলে জানান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।

বৈঠকে সিডিএর চেয়ারম্যান সোহেল আশরাফ, ব্যাংক খাতের প্রতিনিধি ও সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে গত সপ্তাহে পাকিস্তানজুড়ে নগদহীন অর্থনীতি চালুর উদ্যোগ জোরদার করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এ লক্ষ্যে দেশব্যাপী পুরোপুরি ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা গড়ে তুলতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সুস্পষ্ট কর্মপরিকল্পনা তৈরি করতে বলেন তিনি। পরিকল্পনায় নির্দিষ্ট সময়সীমা ও লক্ষ্যমাত্রা রাখারও নির্দেশ দেন।

প্রধানমন্ত্রী বলেন, ডিজিটাল লেনদেনের প্রসার সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। এ ক্ষেত্রে ইতিমধ্যে ইতিবাচক ফলও আসতে শুরু করেছে। নগদবিহীন ব্যবস্থায় রূপান্তর সহজ করতে সারা দেশে ইন্টারনেট সংযোগ নিশ্চিত করা এবং সাধারণ মানুষের প্রযুক্তি ব্যবহারের সুযোগ বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি। ডিজিটাল পেমেন্ট ব্যবহারের সময় গ্রাহকেরা যেসব সমস্যার মুখোমুখি হন, সেগুলো দ্রুত সমাধানের নির্দেশও দেন।

এ ছাড়া সরকারের ‘রাস্ত কিউআর কোড’ উদ্যোগের মাধ্যমে ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে ডিজিটাল লেনদেন বাড়ানোর আহ্বান জানান শাহবাজ। তাঁর মতে, নগদহীন অর্থনীতি গড়ে তোলার লক্ষ্য অর্জনে এই উদ্যোগ ভূমিকা রাখছে। নগদহীন অর্থনীতি চালুর পরিকল্পনা পুরোপুরি বাস্তবায়ন করতে সব মন্ত্রণালয় ও সরকারি দফতরকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।