
আশুলিয়া (ঢাকা) সংবাদদাতা
ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে পাঁচ লাখ ৭৯ হাজার ১০০ টাকার জাল নোটসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় জাল টাকা তৈরির সরঞ্জাম ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
শনিবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম পিপিএম। শুক্রবার ভাদাইল পবনারটেক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন- বরিশালের আগৈলঝাড়া উপজেলার ফুল্লশ্রী গ্রামের মো: কামাল সরদার (৪৮) এবং একই জেলার গৌরনদী থানার চরসি গ্রামের মানিক সরকার (১৯)। তারা গাজীপুর মহানগরীর কাশিমপুর থানা এলাকার ভবানীপুরে হজরত আলীর বাড়িতে ভাড়া থাকতেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার ভাদাইল পবনারটেক এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় কামাল ও মানিক নামে দুইজনকে গ্রেফতার করা হয়। এ সময় কামালের কাছ থেকে এক হাজার টাকা মূল্যমানের ২০০টি জাল নোট, ৫০০ টাকা মূল্যমানের ৬১১টি জাল নোট উদ্ধার করা হয়। এ ছাড়া তার কাছ থেকে জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত নোট শক্ত করার আঠা এবং বরিশাল-ল-১১-০৭৫২ নম্বর সংবলিত একটি পুরনো কালো রঙের হোন্ডা ব্র্যান্ডের মোটরসাইকেল জব্দ করা হয়।
অন্য দিকে মানিক সরকারের হেফাজত থেকে ১০০ টাকা মূল্যমানের ৭২৩টি জাল নোট এবং ৫০ টাকা মূল্যমানের ২৬টি জাল নোট উদ্ধার করা হয়। দুইজনের কাছ থেকে উদ্ধার করা হয় ৫ লাখ ৭৯ হাজার ১০০ টাকা মূল্যের জাল নোট।
আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম পিপিএম বলেন, এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে গ্রেফতার দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








