
নিজস্ব প্রতিবেদক
পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। একই প্রজ্ঞাপনে সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ওবায়দুর রহমানকে বাধ্যতামূলক অবসর দেয়া হয়েছে। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী বিভাগীয় মামলার তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রলয় কুমার ছাড়াও বরখাস্ত হওয়া অন্যরা হলেন- সাবেক উপপুলিশ কমিশনার মো: নাজমুল ইসলাম, সহকারী পুলিশ সুপার মো: সারোয়ার কবীর সোহাগ, সহকারী পুলিশ সুপার মো: আরিফুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার এস এম শামীম এবং সাবেক অতিরিক্ত পুলিশ সুপার রুবাইয়াত জামান।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রলয় কুমার জোয়ারদার ২০২৪ সালের ৬ আগস্ট থেকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। তাকে কর্মস্থলে যোগদানের জন্য একাধিকবার নির্দেশনা ও নোটিশ দেয়া হলেও তিনি যোগদান করেননি। এ ঘটনায় তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়। তদন্তে তার বিরুদ্ধে ‘পলায়ন’-এর অভিযোগ প্রমাণিত হওয়ায় চাকরি থেকে বরখাস্তের সিদ্ধান্ত নেয়া হয়।
তাকে ২০২৪ সালের ৬ আগস্ট থেকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
সাবেক উপপুলিশ কমিশনার মো: নাজমুল ইসলামের বিরুদ্ধে ছুটির মেয়াদ শেষ হওয়ার পরও কর্মস্থলে যোগ না দেয়ার অভিযোগ আনা হয়। তার বিরুদ্ধে ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’-এর অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় ২০২৫ সালের ২৩ এপ্রিল থেকে তাকে বরখাস্ত করা হয়েছে।
সহকারী পুলিশ সুপার মো: সারোয়ার কবীর সোহাগের বিরুদ্ধে গুরুতর অভিযোগের উল্লেখ রয়েছে প্রজ্ঞাপনে। তিনি সিআইডি রংপুরে কর্মরত থাকাকালে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া দিনাজপুরে গিয়ে কয়েকজনকে তুলে নিয়ে আটকে রেখে মোবাইল ফোনে টাকা দাবি করেন বলে অভিযোগ করা হয়। এ ঘটনায় চিরিরবন্দর থানায় মামলা হয় এবং তাকে সহযোগীদের সাথে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছিল। পরবর্তী বিভাগীয় তদন্তে তার বিরুদ্ধে ‘অসদাচরণ’-এর অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
সহকারী পুলিশ সুপার মো: আরিফুজ্জামানের বিরুদ্ধে অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকা এবং চিকিৎসার নামে যথাযথ কাগজপত্র দাখিল না করার অভিযোগ আনা হয়। তদন্তে তার বিরুদ্ধে ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’-এর অভিযোগ প্রমাণিত হওয়ায় বরখাস্তের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার এস এম শামীম ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, গাইবান্ধায় কর্মরত থাকাকালে ছুটি শেষে কর্মস্থলে যোগদান করেননি। তার সরকারি ও ব্যক্তিগত মোবাইল ফোন বন্ধ থাকায় কর্তৃপক্ষ যোগাযোগ করতে পারেনি। স্থায়ী ঠিকানায় একাধিক নোটিশ পাঠানো হলেও তিনি কর্মস্থলে যোগ দেননি। তদন্তে ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’-এর অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর থেকে তাকে বরখাস্ত করা হয়েছে।
অন্য দিকে অতিরিক্ত পুলিশ সুপার রুবাইয়াত জামান ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সুনামগঞ্জে কর্মরত থাকাকালে ২০২৫ সালের ৩০ জানুয়ারি থেকে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তে ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’-এর অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০২৫ সালের ৩০ জানুয়ারি থেকে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
এ দিকে সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ওবায়দুর রহমানকে চাকরি থেকে বরখাস্তের প্রাথমিক সিদ্ধান্ত পরিবর্তন করে বাধ্যতামূলক অবসর দেয়া হয়েছে। তিনি রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত থাকাকালে ২০১৭ সালের ২৯ মে থেকে অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। দীর্ঘ দিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়। তদন্তে ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’-এর অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রথমে বরখাস্তের প্রস্তাব করা হলেও পরবর্তী সময়ে বাধ্যতামূলক অবসরের সিদ্ধান্ত নেয়া হয়।
প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত প্রতিবেদন পর্যালোচনা এবং বাংলাদেশ সরকারি কর্মকমিশনের পরামর্শ গ্রহণের পর শাস্তিমূলক ব্যবস্থার প্রস্তাব রাষ্ট্রপতির অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে আরোপিত আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা আছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








