কক্সবাজারে হোটেলে অগ্নিকাণ্ড

কক্সবাজার অফিস 
 
কক্সবাজারের হোটেল-মোটেল জোনে একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তবে এই অগ্নিকাণ্ডে বড় ধরনের ক্ষয়ক্ষতি কিংবা কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের কলাতলী এলাকায় হোটেল-মোটেল জোনে  কক্স এম্বাসেডর নামে একটি হোটেলের ৮ম তলার কক্ষে আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট। আগুন ছড়িয়ে পড়ার শঙ্কায় হোটেলটিতে অবস্থান করা শতাধিক পর্যটকসহ আশেপাশের হোটেলগুলোর পর্যটক ও স্থানীয় বাসিন্দারা রাস্তায় অবস্থান নেন।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক সৈয়দ মোর্শেদ হোসেন বলেন, হোটেলটির ৮তলার একটি কক্ষে এসি থেকে আগুন লেগেছে, ঘটনাস্থলে ফায়ার সার্ভিস কাজ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
সাম্প্র্রতিক সময়ে কক্সবাজারের বিভিন্ন পর্যটন এলাকায় একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। এর আগে সর্বশেষ মঙ্গলবার ভোর ৬টার দিকে শহরের কলাতলী সৈকতপাড়া সড়কে একটি হোটেলসংলগ্ন বসতঘরে আগুন লাগে। গত ২৩ অক্টোবর শহরের সুগন্ধা পয়েন্টে অবস্থিত আবাসিক হোটেল সি প্রিন্সেসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 
১৭ অক্টোবর ঘটে সবচেয়ে বড় দুর্ঘটনা, উখিয়ার ইনানীর টুপটুপ রিসোর্ট ও রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১১ জনের মৃত্যু হয়।

Advertisement