নোয়াখালীতে শ্বশুরবাড়ি থেকে শ্রমিক দল নেতার মাটিচাপা লাশ উদ্ধার

নোয়াখালী অফিস
নোয়াখালীর চাটখিলে নিখোঁজের ছয় দিন পর শ্বশুরবাড়ির একটি পরিত্যক্ত ঘর থেকে মাটিচাপা অবস্থায় মোহাম্মদ রাসেল (২৭) নামে এক শ্রমিক দল নেতার অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বিকেলে সেই লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। ঘটনাটি ঘটেছে উপজেলার নোয়াখালী ইউনিয়নের সানখালী গ্রামের চৌকিদার বাড়িতে।
নিহত রাসেল একই ইউনিয়নের সিংবাহুড়া গ্রামের জমাদ্দার বাড়ির সিরাজুল ইসলামের ছেলে। তিনি চাটখিল উপজেলা শ্রমিক দলের সাবেক সদস্য ছিলেন এবং নোয়াখালী ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন।  
স্থানীয় সূত্রে জানা গেছে, রাসেলের সাথে স্ত্রী মুক্তা বেগমের দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। একপর্যায়ে তাদের মধ্যে বিচ্ছেদ হয়। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। সন্তান দু’টি বাবার সাথে থাকত। গত ৬ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে সংসার করার প্রলোভন দেখিয়ে রাসেলকে সাবেক শ্বশুরের বাড়িতে ডেকে নেন মুক্তা বেগম ও শ্যালিকা রতনা। এরপর থেকে নিখোঁজ ছিলেন রাসেল। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। এ ঘটনায় ৭ নভেম্বর রাসেলের বাবা সিরাজুল ইসলাম চাটখিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। 
চাটখিল উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান রানা বলেন, শ্রমিক দল নেতার সন্ধানে বুধবার রাতে তিনি থানায় যান। পরে পুলিশকে সাথে নিয়ে রাসেলের শ্বশুরবাড়িতে যান। বাড়ির একটি পরিত্যক্ত ও ভাঙা ঘর থেকে তীব্র দুর্গন্ধ বের হতে থাকলে তাদের সন্দেহ হয়। পরে ঘরটিতে তল্লাশি চালিয়ে মাটিচাপা অবস্থায় রাসেলের অর্ধগলিত লাশ দেখতে পান। তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে লোহার রড দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি লোহার রড জব্দ করেছে। নিহতের বাবা সিরাজুল ইসলাম কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার ছেলেকে হত্যা করা হয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এদিকে ঘটনার পর থেকে সাবেক স্ত্রী মুক্তা বেগম ও শ্বশুরবাড়ির পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে পালিয়ে যান।

Advertisement