দুমকিতে যেখানে সেখানে ময়লা দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন
দুমকিতে সড়কের পাশে ময়লার উন্মুক্ত ভাগাড় : নয়া দিগন্ত।

 মো: সাইফুল ইসলাম দুমকি (পটুয়াখালী) 

Advertisement

পটুয়াখালীর দুমকি উপজেলা সদরে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলায় পরিবেশ দূষণ ও জনস্বাস্থ্যের ঝুঁকি বাড়ছে। পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা, পর্যাপ্ত ডাস্টবিন ও নির্ধারিত ময়লা ফেলার স্থান না থাকায় সড়কের পাশে, বাজারে, জনবসতিপূর্ণ এলাকায়, এমনকি খালে-নর্দমায়ও জমছে আবর্জনা। পচা বর্জ্যরে দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়ছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা। দীর্ঘ দিনের এ সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ না থাকায় উপজেলাবাসীদের মধ্যে ক্ষেভের সৃষ্টি হচ্ছে।
উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, নতুন বাজারের পূর্ব প্রান্ত, পীরতলা বাজারের পুরনো থানা পুলসংলগ্ন এলাকা, দুমকি থানায় প্রবেশের সংযোগ সড়ক এবং সৃজনী বিদ্যানিকেতন ব্রিজের পাশে ময়লার স্তূপ জমে আছে। বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানের পচনশীল বর্জ্য, পলিথিন ও প্লাস্টিকের কারণে এসব এলাকার পরিবেশ দূষিত হচ্ছে। 
উপজেলা সদরের প্রাণকেন্দ্র দিয়ে বয়ে যাওয়া পীরতলা খালের অবস্থাও নাজুক। লুথ্যারান হেলথ কেয়ার হাসপাতাল এলাকা থেকে আঙ্গারিয়া পর্যন্ত খালের বিভিন্ন অংশে ময়লা জমেছে। স্থানীয়দের অভিযোগ, দখল ও ভরাটে সঙ্কুচিত হয়ে পড়া খালটি বর্জ্য ফেলার কারণে আরো বিপর্যস্ত হয়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে খালটির অস্তিত্ব আর খুঁজে পাওয়া যাবে না।
স্থানীয় মনির হোসেন বলেন, অনেকে রাতের আঁধারে, আবার কেউ দিনের বেলায়ও যেখানে-সেখানে ময়লা ফেলেন। পীরতলা বাজারের ব্যবসায়ী শাহীন মৃধা বলেন, অনেকে খালে, আবার খাল থেকে দূরে থাকা বাসিন্দারা বাড়ির গলির খোলা জায়গায় বর্জ্য ফেলছেন।
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সিয়াম বলেন, এলাকায় ডাস্টবিন না থাকায় অনেকে নিরুপায় হয়ে যত্রতত্র ময়লা ফেলছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর শহীদুল হাসান বলেন, মেডিক্যাল বর্জ্য ফেলার জন্য উপজেলা প্রশাসন একটি ডাম্পিং স্টেশন তৈরি করলেও সেটি যথাযথভাবে কাজে আসছে না। এতে পরিবেশ দূষিত হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী বলেন, উপজেলা প্রশাসনের উদ্যোগে মাঝেমধ্যে বিভিন্ন স্থান পরিষ্কার করা হয়। স্থায়ী ডাম্পিং স্টেশন নির্মাণ ব্যয়বহুল। আগে এ বিষয়ে সুদূরপ্রসারী উদ্যোগ নেয়া হয়নি। ভবিষ্যতে বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে।
স্থানীয় সচেতন মহল দ্রুত ডাস্টবিন স্থাপন, নিয়মিত বর্জ্য অপসারণ, নির্ধারিত বর্জ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র নির্মাণ এবং যত্রতত্র ময়লা ফেলা বন্ধে কার্যকর নজরদারির দাবি জানিয়েছেন।