বক্তব্য রাখছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা
বক্তব্য রাখছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। নয়া দিগন্ত

খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, ‘দ্বিতীয় পদ্মা সেতু প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে হবে। এখানে রেললাইন হবে। ঢাকা, মানিকগঞ্জ ও ফরিদপুর জেলাকে উন্নয়নের কর্মসূচিতে নিয়ে যাবে।’

Advertisement

তিনি বলেন, ‘এখানে আপনাদের সহযোগিতা লাগবে। জনগণের সহযোগিতা ও আন্তরিকতা ছাড়া এমপিরা কিছু করতে পারবে না।’

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে সাভার সরকারি কলেজের ছাত্র-ছাত্রীদের প্রথম পূর্ণমিলনী অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

মন্ত্রী বলেন, ‘গামের্ন্টস শ্রমিকদের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী তারেক রহমান গতকাল শুক্রবার থেকে ওএমএস-এর চাল দেয়া শুরু করেছেন। এই চাল প্রতি শুক্রবার দেয়া হবে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এর ধারাবাহিকতা চলবে।’

সাভার সরকারি কলেজের অধ্যক্ষ ও উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক মো: আব্দুল হামিদ মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, ‘সাভারে একটি আধুনিক শিল্পকলা কমপ্লেক্স নির্মাণ করা হবে। প্রায় ৫২ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই বৃহৎ প্রজেক্টে থাকবে একটি বড় অডিটোরিয়াম, ফুডকোর্ট, অফিস কক্ষ ও রিহার্সাল বা মহড়ার জন্য বিশেষ জায়গা।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, ঢাকা-২০ আসনের সংসদ সদস্য মো: তমিজ উদ্দীনসহ অনেকে।

এর আগে সকালে খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বেলুন ও পায়রা উড়িয়ে প্রথম পূর্ণমিলনী অনুষ্ঠানের উদ্বোধন করেন। মূল অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।