নদীতে পড়ে যুবকের মৃত্যু
নদীতে পড়ে যুবকের মৃত্যু। প্রতীকী ছবি

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় চেঙ্গী নদীতে পড়ে বাদল ত্রিপুরা (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলার পশ্চিম মদনকার্বারী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

Advertisement

নিহত বাদল ত্রিপুরা উপজেলার পশ্চিম মদনকার্বারী পাড়ার বাসিন্দা কিনমহন ত্রিপুরার ছেলে। তিনি দুই ছেলে ও দুই মেয়ের জনক।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকজন জেলে চেঙ্গী নদীতে মাছ ধরতে গিয়ে বাদল ত্রিপুরাকে পানিতে পড়ে থাকতে দেখেন। পরে তারা স্থানীয়দের খবর দিলে এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

নিহতের বাবা কিনমহন ত্রিপুরা ও ছোট ভাই মিলন ত্রিপুরা জানান, বাদল ত্রিপুরা মৃগী রোগে আক্রান্ত ছিলেন। দোকান থেকে বাড়ি ফেরার পথে নদীতে পড়ে গিয়ে তিনি আর উঠতে পারেননি। ধারণা করা হচ্ছে, মৃগী রোগের কারণে পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এ সময় কোনো ধরনের অস্বাভাবিক আলামত পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মৃগী রোগের কারণে পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে।