৮০ লাখ টাকার কাপড় নিয়ে উধাও ট্রাক চট্টগ্রামে গ্রেফতার ২

চট্টগ্রাম ব্যুরো

Advertisement

চট্টগ্রাম বন্দর থেকে নারায়ণগঞ্জের একটি পোশাক কারখানায় নেয়ার পথে ৮০ লাখ টাকা মূল্যের আমদানি করা কাপড় উধাও হয়ে গেছে। এ ঘটনায় দায়ের করা মামলার তদন্তে চট্টগ্রাম নগরের হালিশহর থেকে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে এসআরবি-৭। বৃহস্পতিবার বিকেলে নগরের হালিশহর থানার বড়পুল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার দু’জন হলেন- মোহাম্মদ গোলাম রহমান মুন্না (৪৬) ও মোহাম্মদ আমানুল্লাহ (৬৩)। এসআরবির দাবি, গ্রেফতার দু’জন গাজীপুরের টঙ্গী পশ্চিম থানায় করা মামলার তদন্তে পাওয়া আসামি। 
মামলার এজাহার ও র‌্যাবের তথ্য অনুযায়ী, গত ৮ অক্টোবর বিকেল ৫টার দিকে চট্টগ্রাম বন্দর থেকে একটি মালবাহী গাড়িতে ১৯৭ রোল আমদানি করা কাপড় তোলা হয়। কাপড়গুলো নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডে অবস্থিত এপিক গার্মেন্টস কোম্পানি লিমিটেডে নেয়া হচ্ছিল। চালানটির আনুমানিক মূল্য ছিল ৮০ লাখ টাকা। গাড়িটির চালক ছিলেন মোহাম্মদ ইয়াসিন। তিনি পণ্য পরিবহনকারী প্রতিষ্ঠান মাইশা এন্টারপ্রাইজ, শাহরিয়ার অ্যান্ড ব্রাদার্স লিমিটেডের বেতনভুক্ত চালক।
পরিবহনকারী প্রতিষ্ঠানটি জিপিআরএস প্রযুক্তির মাধ্যমে গাড়িটির অবস্থান পর্যবেক্ষণ করছিল। ওই দিন রাত ১১টার দিকে গাড়িটির অবস্থান দেখা যায় ঢাকার যাত্রাবাড়ী এলাকায়। রাত ১১টা ৫০ মিনিটে সেটির অবস্থান পাওয়া যায় তেজগাঁওয়ে। নির্ধারিত গন্তব্য নারায়ণগঞ্জের দিকে না গিয়ে গাড়িটি ঢাকার বিভিন্ন এলাকায় অবস্থান করায় কর্তৃপক্ষের সন্দেহ হয়। এরপর চালক ইয়াসিনের সাথে যোগাযোগ করা হলে তিনি গাড়ির বৈদ্যুতিক সংযোগে সমস্যা হয়েছে এবং তার মুঠোফোন নষ্ট হয়ে গেছে বলে জানান। পরে তার সাথে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।
কাপড়ের চালানটির খোঁজে বিভিন্ন এলাকায় অনুসন্ধান চালায় পরিবহনকারী প্রতিষ্ঠানটি। এর চার দিন পর, গত ১২ অক্টোবর  বেলা আড়াইটার দিকে গাজীপুরের টঙ্গী পশ্চিম থানার মাছিমপুর এলাকায় কামারপাড়া-স্টেশন রোডে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ফটকের পাশে গাড়িটি পাওয়া যায়। তবে গাড়িতে কোনো কাপড় ছিল না। এ ঘটনায় পরিবহনকারী প্রতিষ্ঠানের নির্বাহী কর্মকর্তা মো: সাদ্দাম হোসেন বাদি হয়ে ১৩ অক্টোবর টঙ্গী পশ্চিম থানায় মামলা করেন। মামলার অভিযোগে বলা হয়েছে, চালক ইয়াসিন অজ্ঞাতনামা আরো চার-পাঁচজনের সাথে যোগসাজশ করে কাপড়গুলো সরিয়ে অন্যত্র বিক্রি করেছেন। তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে চট্টগ্রামে দুই ব্যক্তির অবস্থান শনাক্ত করে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছে এসআরবি।