
চট্টগ্রাম ব্যুরো
শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, আদর্শিক নেতৃত্ব তৈরি এবং বর্তমান প্রেক্ষাপটে শ্রমিক আন্দোলনকে আরো গতিশীল ও কার্যকর করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। গতকাল চট্টগ্রামে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর আয়োজিত দিনব্যাপী লিডারশিপ ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ফেডারেশনের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ লিডারশিপ ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে গোলাম পরওয়ার বলেন, বর্তমান বাস্তবতায় শ্রমিক আন্দোলনকে শ্রমজীবী মানুষের অধিকার, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করার কার্যকর মাধ্যম হিসেবে গড়ে তুলতে হবে। শ্রমিকদের ন্যায্য দাবি আদায়, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতকরণ এবং শোষণ-বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালনে সুসংগঠিত আন্দোলনের কোনো বিকল্প নেই। এ জন্য দায়িত্বশীলদের সাংগঠনিক দক্ষতা ও দূরদর্শিতা অর্জনের পাশাপাশি শ্রমিকদের বাস্তব সমস্যা সমাধানে এগিয়ে আসার তাগিদ দেন তিনি।
তিনি উল্লেখ করেন, শ্রমিক আন্দোলনকে অবশ্যই একটি শক্ত আদর্শিক ভিত্তির ওপর দাঁড় করাতে হবে। দায়িত্বশীলদের সততা, নিষ্ঠা ও ত্যাগের মাধ্যমে শ্রমিকদের আস্থা অর্জনের আহ্বান জানিয়ে তিনি বলেন, অধিকার আদায়ের পাশাপাশি শ্রমিকদের নৈতিক ও আদর্শিক মানোন্নয়নেও কাজ করতে হবে।
ক্যাম্পে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেন, শ্রমিক ময়দানে আদর্শ প্রচার করতে হলে দায়িত্বশীলদের নিজেদের জীবন ও কর্মে তার প্রতিফলন ঘটাতে হবে। শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, প্রত্যাশিত শ্রমিক নেতৃত্ব হতে হবে সৎ, দক্ষ, যোগ্য ও শ্রমিকবান্ধব। জামায়াতের চট্টগ্রাম মহানগর আমির নজরুল ইসলাম বলেন, দেশের অন্যতম প্রধান শিল্পাঞ্চল হিসেবে চট্টগ্রামের শ্রমিকদের অধিকার ও নিরাপত্তা রক্ষায় সুশৃঙ্খল আন্দোলনের বিকল্প নেই।
দিনব্যাপী এ আয়োজনে মহানগর, থানা, সেক্টর, মহিলা বিভাগ ও ট্রেড ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের শ্রমিক নেতাকর্মী ডেলিগেট হিসেবে অংশগ্রহণ করেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








