বিশ্ব খাদ্য দিবসে কৃষিমন্ত্রী খাদ্যের গুণগত মান নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ

নিজস্ব প্রতিবেদক  
খাদ্য উৎপাদন বাড়লেও নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। অতিরিক্ত কীটনাশকের ব্যবহার, মাটি ও পানিতে ভারী ধাতুর উপস্থিতি এবং খাদ্যদূষণের ঝুঁকি জনস্বাস্থ্যের জন্য উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করছে। এ অবস্থায় শুধু অধিক ফলন নয়, মানুষের স্বাস্থ্য ও পুষ্টির চাহিদা পূরণে নিরাপদ খাদ্য উৎপাদন এবং কৃষিতে কার্যকর উদ্ভাবনের ওপর গুরুত্ব দিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেছেন, বিশ্বে খাদ্যের প্রকৃত ঘাটতির চেয়ে খাদ্যপ্রাপ্তির ব্যবস্থাগত ত্রুটি ক্ষুধা ও অনাহারের অন্যতম কারণ।
গতকাল শুক্রবার রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) অডিটোরিয়ামে বিশ্ব খাদ্য দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত জাতীয় সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কৃষি মন্ত্রণালয়, জাতিসঙ্ঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও), আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (আইফাদ) এবং সহযোগী সংস্থাগুলো যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।
কৃষিমন্ত্রী বলেন, খাদ্য উৎপাদনের পরিমাণের পাশাপাশি এর গুণগত মান ও মানবস্বাস্থ্যের ওপর প্রভাব বিবেচনায় নিতে হবে। উদ্ভাবন যদি মানুষের কল্যাণে কাজে না আসে, তাহলে সেই উদ্ভাবনের সার্থকতা কোথায়- এ প্রশ্ন তুলে তিনি কৃষিতে নিরাপদ উৎপাদনব্যবস্থা গড়ে তোলার ওপর জোর দেন। তার দাবি, অনিয়ন্ত্রিত কীটনাশকের ব্যবহার কৃষক ও ভোক্তা উভয়ের জন্য স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে।

Advertisement